—প্রতিনিধিত্বমূলক চিত্র।
ক্ষমতার পালাবদলের পরেই প্রশাসনের নজরে পাঁচ বছর আগেকার ‘ভোট পরবর্তী সন্ত্রাস’। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশকে বুধবার রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা)-র তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ২০২১ সালের ‘ভোট-পরবর্তী সন্ত্রাস’-এর পুরনো মামলাগুলি আইনিব্যবস্থার জন্য যথাযথ ভাবে পুনর্মূল্যায়ন (রিভিউ) করতে হবে এবং প্রয়োজনে পদক্ষেপ করতে হবে।
বেআইনি খনন (পাথর, কয়লা, বালি ইত্যাদি), গবাদি পশুর অবৈধ বাজার ইত্যাদির ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে এডিজি (আইনশৃঙ্খলা)-র তরফে। প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের পরে রাজ্য জুড়ে ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে’ খুন, ধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার ঘটনাগুলিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। কিন্তু সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখে।
ভোট-পরবর্তী সন্ত্রাসের অন্য মামলাগুলির দায়িত্ব রাজ্য এবং কলকাতা পুলিশের হাতেই দিয়েছিল আদালত। প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা ভোটের পরে অর্ধশতাধিক মানুষ রাজনৈতিক হিংসার বলি হয়েছিলেন বলে অভিযোগ। প্রায় ২০০০টি ‘ভোট পরবর্তী সন্ত্রাস’ সংক্রান্ত মামলা দায়ের হয়েছিল সে সময়।