টুকরো খবর

নিরাপত্তার অভাব রয়েছে, এই অভিযোগে বাগান ছেড়ে চলে গেলেন ডুয়ার্সের মালবাজার থানার এলেনবাড়ি চা বাগানের ম্যানেজার। গত শনিবার বাগানে রাস্তা তৈরির দাবি নিয়ে ম্যানেজারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শ্রমিকেরা আধঘণ্টার গেটমিটিং করেন। তার পরই বাগান থেকে বেরিয়ে যান ম্যানেজার ধান্নারাম চৌধুরী। রবিবার ম্যানেজার জানিয়ে দেন, নিরাপত্তাজনিত অভাব বোধ করায় তিনি বাগান ছেড়েছেন।

Advertisement
শেষ আপডেট: ১১ মে ২০১৫ ০২:৩০
Share:

বাগান ছাড়লেন ম্যানেজার
নিজস্ব সংবাদদাতা • মালবাজার

Advertisement

নিরাপত্তার অভাব রয়েছে, এই অভিযোগে বাগান ছেড়ে চলে গেলেন ডুয়ার্সের মালবাজার থানার এলেনবাড়ি চা বাগানের ম্যানেজার। গত শনিবার বাগানে রাস্তা তৈরির দাবি নিয়ে ম্যানেজারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে শ্রমিকেরা আধঘণ্টার গেটমিটিং করেন। তার পরই বাগান থেকে বেরিয়ে যান ম্যানেজার ধান্নারাম চৌধুরী। রবিবার ম্যানেজার জানিয়ে দেন, নিরাপত্তাজনিত অভাব বোধ করায় তিনি বাগান ছেড়েছেন। বাগানের সহকারী ম্যানেজার, চিকিৎসকেরা বাগানে থাকলেও শীর্ষকর্তা বাগান ছাড়ায় অচলাবস্থার আশঙ্কা তৈরি হয়েছে এলেনবাড়িতে।বাগান সূত্রে জানা গিয়েছে, মালবাজার পঞ্চায়েত সমিতির একটি দু’কিলোমিটারের রাস্তা তৈরির বিষয় নিয়েই বাগান ম্যানেজারের সঙ্গে শ্রমিকদের মতানৈক্য শুরু হয়। বাগানের বড়া লাইনের সঙ্গে ৩১ নম্বর জাতীয় সড়কের সংযোগ করে মালবাজার পঞ্চায়েত সমিতি রাস্তার কাজ করতে চাইলে সেই কাজ আটকে দেওয়ার অভিযোগ ওঠে ম্যানেজারের বিরুদ্ধে। ধান্নারামবাবুর দাবি, শ্রমিকদের ক্ষোভ লাগামছাড়া হয়ে উঠতে পারে, এই ভয়েই তিনি বাগান ছেড়েছেন। মালবাজারের মহকুমাশাসক জ্যোতির্ময় তাঁতি জানান, প্রয়োজনে পুরো বিষয়টি নিয়ে মালবাজারের বিডিওর দফতরে বৈঠক করে জট কাটাতে প্রশাসন উদ্যোগ নেবে।

Advertisement

উদ্ধার নিখোঁজ যুবক
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

কম্পিউটার যন্ত্রাংশ বিপণন সংস্থার নিখোঁজ কর্মীকে উদ্ধার করল পুলিশ। মনোজিত সরকার নামে ওই কর্মীকে শনিবার বরাকপুর থেকে উদ্ধার করেছে ভক্তিনগর থানার পুলিশ। গত ১ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের তরফে দাবি করা হয়েছিস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কম্পিউটার যন্ত্রাংশ বিপণন সংস্থার তরফে গত ২ মে মনোজিতের বিরুদ্ধে প্রায় ১ লক্ষ ৩৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ দায়ের করা হয়। এরপরে মনোজিতের পরিবারের তরফেও নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এদিন পুলিশ মনোজিতকে উদ্ধার করে ভক্তিনগর থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পরিবারের হাতে তুলে দিয়েছে। আজ, সোমবার তাঁকে ফের থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শিলিগুড়ি পুলিশের এসিপি (পূর্ব) পিনাকী মজুমদার বলেন, ‘‘মনোজিতের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে, ওকে জেরা করা হবে।’’ এ দিকে মনোজিতের দাবি তাকে কে বা কারা জোর করে বরাকপুরে নিয়ে গিয়েছিল। এ দিন মনোজিত দাবি করে বলেন, ‘‘আমাকে বেঁহুশ করে বরাকপুরে নিয়ে যাওয়া হয়। আমার বিরুদ্ধে যা অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়।’’

লাইসেন্স নবীকরণ আগের পদ্ধতিতেই
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

নতুন নিয়মে ট্রেড লাইসেন্স নবীকরণ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় আগের পদ্ধতিতেই ওই কাজ করার নিদের্শ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। রবিবার তিনি জানিয়েছেন, ব্যবসায়ীদের যাতে সমস্যা না হয় সে কথা ভেবে পুরসভার তরফে আগের নিয়মেই নবীকরণের কাজ করতে বলা হয়েছে। বতর্মানে পুরবোর্ড নেই। প্রশাসকও নেই। এই পরিস্থিতিতে মন্ত্রী বলেন, ‘‘নতুন পুরবোর্ড তৈরি হলে তারা যে ভাবে নীতি নেবেন সেই মতো চলবে।’’ শিলিগুড়ি পুরসভার বামেদের মেয়র পদের দাবিদার অশোক ভট্টাচার্য বলেন, ‘‘আমরা ট্রেড লাইসেন্স, বাড়ির নকশা অনুমোদনের মতো বিষয় সরলীকরণের পক্ষে। এ সব ক্ষেত্রে জটিলতা থাকলে দুর্নীতি হবে। পুরবোর্ড গড়ার পর আমরা সে সব ব্যাপারে সুনির্দিষ্ট নীতি নেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement