টুকরো খবর

বিএসএফের গুলিতে ফের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে কোচবিহারের দিনহাটার কুর্শামারি এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, মৃতের নাম শাহজাহান আলি (২৫)। তার বাড়ি দিনহাটার সরাইখানা এলাকায়। ওই ঘটনায় জখম হয়েছেন আরও ১ জন। তাঁর নাম আবদুর রহিম। তাঁর বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম এলাকায়। রাতেই ঘটনার খবর পেয়ে বিএসএফের পদস্থ কর্তাদের পাশাপাশি দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে যায়।

Advertisement
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৪ ০১:২৫
Share:

ফের গুলিতে মৃত্যু যুবকের
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার

Advertisement

বিএসএফের গুলিতে ফের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে কোচবিহারের দিনহাটার কুর্শামারি এলাকায় ওই ঘটনা ঘটেছে। পুলিশ ও প্রশাসন সূত্রের খবর, মৃতের নাম শাহজাহান আলি (২৫)। তার বাড়ি দিনহাটার সরাইখানা এলাকায়। ওই ঘটনায় জখম হয়েছেন আরও ১ জন। তাঁর নাম আবদুর রহিম। তাঁর বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম এলাকায়। রাতেই ঘটনার খবর পেয়ে বিএসএফের পদস্থ কর্তাদের পাশাপাশি দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। কোচবিহারের জেলাশাসক পি উল্গানাথন বলেন, “বিএসএফের গুলিতে এক ব্যক্তির মৃত্যু ও একজন জখম হয়েছেন বলে খবর পেয়েছি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।” কোচবিহারের পুলিশ সুপার রাজেশ যাদব বলেন, “এক যুবকের মৃত্যু হয়েছে, আরও একজন জখম হয়েছেন। বিস্তারিত খোঁজ নিচ্ছি।” বিএসএফের কোচবিহার সেক্টরের ডিআইজি দলবীর সিংহ সাঁধু বলেন, “কড়া নজরদারির জন্য পাচারকারীরা বিপাকে পড়েছেন। তাতেই জওয়ানেরা বাধা দিলে তাঁদের ওপর হামলা চালান হয়। ফলে জওয়ানেরা জবাব দেন ওই ঘটনায় দুই জন পাচারকারী জখম হয়েছেন। তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। এলাকায় তল্লাশি চলছে।” পুলিশ সূত্রের খবর, বাংলাদেশের বাসিন্দা জখম ওই ব্যাক্তিকে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিত্‌সার জন্য আনা হয়েছে।

Advertisement

ট্রেনে কাটা পড়ে মৃত ২
নিজস্ব সংবাদদাতা • চাঁচল

রেললাইনের উপর বসে প্রাতঃকৃত্য করার সময় কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের রাঘবপুর এলাকায় উত্তরপূর্ব সীমান্ত রেলের কুমেদপুর স্টেশনের অদূরে সোমবার সকালে ওই ঘটনাটি ঘটে। রেল পুলিশ জানায়, মৃতরা হল দাদা নাসারুল আলম(১৩) ও মাসুদ আলম(১১)। তাদের বাড়ি রেললাইন লাগোয়া রাঘবপুর গ্রামে। তবে দুর্ঘটনার পরেই দুই ভাইয়ের দেহ পরিবারের লোকজন সহ গ্রামবাসীরা তুলে নিয়ে গিয়ে সমাধিস্থ করে দেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জিআরপির মালদহের আইসি কৃষ্নগোপাল দত্ত বলেন, “বিষয়টি আমাদের কেউ জানায়নি। ফলে কী ঘটেছে তা জানি না।” তবে হরিশ্চন্দ্রপুরের আইসি বাবিন মুখোপাধ্যায় বলেন, রাঘবপুরে ইঞ্জিনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যুর কথা শুনেছি।”

টোটো নিয়ে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি

ব্যাটারি চালিত টোটো গাড়ি নিয়ন্ত্রণের দাবিতে সোমবার জলপাইগুড়ি শহরে মিছিল করে পুলিশ ও পুরসভা কর্তাদের স্মারকলিপি দিলেন রিকশা চালকরা। চালকরা এদিন কোতোয়ালি থানা এবং পুরসভায় যান। তাঁদের অভিযোগ, ব্যাটারি চালিত টোটো গাড়ির সংখ্যা বেড়ে চলায় তাঁদের রোজগার কমেছে। ফলে, সংসার চালানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেন রিকশাচালক শেখ খোকন আলি। তিনি বলেন, “শহরের প্রধান সড়ক ছাড়াও প্রতিটি গলিতে টোটো ঘুরে বেড়াচ্ছে। কম ভাড়ায় যাত্রী তুলে নিচ্ছে। ফলে রিকশা চালকদের রোজগার অর্ধেক হয়েছে।” স্মারকলিপি দিয়ে পুরসভা কর্তাদের জানানো হয়েছে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ফের আন্দোলনে নামতে বাধ্য হবেন। যদিও পুরসভা কর্তারা ওই বিষয়ে আশ্বাস দিতে পারেননি।

জুয়া-মদের ঠেকে হানা, গ্রেফতার ৫০
নিজস্ব সংবাদদাতা • চাঁচল

কালীপুজোর আগে জুয়া ও মদের ঠেকে অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জুয়ার ঠেক থেকে উদ্ধার হয়েছে ২৩ হাজার টাকাও। মালদহের হরিশ্চন্দ্রপুর ও রতুয়া থানার বিভিন্ন এলাকায় হানা দিয়ে রবিবার রাতে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, হরিশ্চন্দ্রপুর থেকে ১১ জন ও রতুয়া থেকে ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। রতুয়ায় ৩৯ জনের মধ্যে কয়েকজন পুরনো মামলায় ফেরার অভিযুক্তও রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পুলিশ জানায়, হরিশ্চন্দ্রপুরের কিসমতবোড়ল ও কাটামনি এলাকায় জুয়ার ঠেকে হানা দিয়ে ১১ জনকে ধরা হয়। উদ্ধার হয় ২১ হাজার টাকা। রতুয়ার দেবীপুর, বাহারাল ও রতুয়ায় হানা দিয়ে ৩৯ জনকে ধরা হয়। কালীপুজোর আগে নিয়মিত ওই অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে।

ইসলামপুরে উদ্ধার তরুণী
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর

মুর্শিদাবাদের এক তরুণীকে উদ্ধার করল ইসলামপুর থানার পুলিশ। সোমবার সকালে ইসলামপুর থানার মাটিকুন্ডা এলাকাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রের খবর, উদ্ধার হওয়া ওই তরুণীর বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙা এলাকায়। ইসলামপুরের বাসিন্দা এক যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। তরুণীর অভিযোগ, ওই যুবক ইসলামপুরের মাটিকুন্ডা এলাকায় একটি বাড়িতে তাঁকে রাখেন। সোমবার সকালে তাকে মুর্শিদাবাদ নিয়ে যাওয়ার নাম করে ট্রেনে তুলে ট্রেন থেকে পালায় ওই যুবক।এদিন সকালে ওই তরুণী ফের মাটিকুন্ডা এলাকাতে ওই যুবকের খোঁজে গেলেও তার খোঁজ পাননি। এর পরই এলাকার লোকেরা তাকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে থানায় খবর দেন। পুলিশ তাকে উদ্ধার করে। ওই তরুণী জানিয়েছেন, প্রায় ৩ বছর আগে মুর্শিদাবাদেই তাঁর বিয়ে হলেও তা টেকেনি। কিছু দিন আগে ওই যুবকের সঙ্গে পরিচয় হয় তাঁর।

পাচারে ধৃত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

গরু পাচারের অভিযোগে তিনজনকে গ্রেফতার করল শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। রবিবার রাতে ফুলবাড়ির ক্যানাল রোড থেকে এদের গ্রেফতার করে তারা। পুলিশ জানিয়েছে, ধৃতেরা সকলেই ইসলামপুর ও পাঞ্জিপাড়া এলাকার বাসিন্দা। এরা তিনটি ট্রাকে মোট ৬০ টি গরু নিয়ে পাঞ্জিপাড়া থেকে অসমের দিকে যাচ্ছিল।

বিদ্যুতে আহত
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

মণ্ডপের কাজ করতে গিয়ে তড়িদাহত হলেন এক ব্যক্তি। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বিধান মার্কেট এলাকায়। জর্জ মবার্ট রোডে স্থানীয় পুজো মণ্ডপের কাজ করছিলেন ডেকরেটার্সের লোকেরা। পুজো মণ্ডপের গেট তৈরির সময় ওই ব্যক্তির হাত হাইটেনশনের তারে লেগে যায়। তাঁকে ঝুলতে দেখেন এলাকার লোকজন। উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। পরে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি করানো হয়েছে।

পঞ্চায়েতে অনিয়মের অভিযোগে বিক্ষোভ

নলকূপ ও শ্যালো পাইপ কেনার কাজে সিপিএম পরিচালিত গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। সোমবার বিকালে রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের সরকারি গোডাউনের সামনে তৃণমূলের একদল কর্মী সমর্থক প্রায় একঘন্টা বিক্ষোভ দেখান। আন্দোলনকারীরা ৮৫টি নলকূপ ও ১৩২টি শ্যালো পাইপ আটক করে ওই গোডাউন সহ স্থানীয় এক তৃণমূল পঞ্চায়েত সদস্যের ঘরে ঢুকিয়ে তালা মেরে রাখেন!। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন পঞ্চায়েত কর্তৃপক্ষ দুটি পিকআপ ভ্যানে চাপিয়ে রায়গঞ্জ থেকে নলকূপ ও শ্যালোপাইপগুলি নিয়ে গিয়ে ওই গোডাউনে ঢোকানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ। আন্দোলনকারীদের তরফে বিন্দোল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূল নেতা মনসুর আলি বলেন, “পঞ্চায়েত কর্তৃপক্ষ বিনা টেন্ডারে ও বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা না করে নিয়ম বহির্ভূতভাবে নলকূপ ও শ্যালো পাইপ কিনে গোডাউনে ঢোকানোর চেষ্টা করছিলেন। কোন প্রকল্পে, কত টাকায় সেগুলি কেনা হয়েছে ও সেগুলি কাদেরকে দেওয়া হবে সেই বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষ কোনও সরকারি নথি দেখাতে পারেননি।” বিন্দোল গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রধান চাঁদিমা রায় সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, “সরকারি নিয়ম মেনেই পঞ্চায়েতের কাজকর্ম পরিচালনা করা হয়। কর্ণজোড়া এলাকার এক বাসিন্দার কিছু নলকূপ ও শ্যালোপাইপ বোঝাই দুটি পিক আপভ্যান পঞ্চায়েতের গোডাউনের সামনে দাঁড়িয়ে ছিল। সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকেরা রাজনৈতিক ষড়যন্ত্র করে পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিক্ষোভ দেখান।” তবে সেগুলি কার ও কেনও সেগুলি পঞ্চায়েতের গোডাউনের সামনে রাখা হয়েছিল সেইব্যাপারে প্রধান কোনও মন্তব্য করতে চাননি। রায়গঞ্জের বিডিও অমূল্যচন্দ্র সরকার বলেন, অভিযোগের ভিত্তিতে বিন্দোল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে।

বধূকে নির্যাতন, ধৃত ২

কুমারগ্রামের পশ্চিম নারারথলি গ্রামে সালিশি সভায় চরিত্রহীন অপবাদ দিয়ে এক বধূকে মারধর করে চুল কেটে নেওয়ার ঘটনায় দুই মহিলাকে গ্রেফতার করছে পুলিশ। আলিপুরদুয়ারের এসপি-র নির্দেশ পেয়ে গত রবিবার রাতে পুলিশ পশ্চিম নারারথলি ওই দুই মহিলাকে গ্রেফতার করেছ। এই ঘটনায় মূল অভিযুক্ত এক তৃণমূল নেতা সহ বাকি ছয়জন ঘটনার পর পলাতক থাকায় পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। অভিযোগ উঠেছে, মামলা তুলে নেওয়ার জন্য নির্যাতিতা বধূ ও তার স্বামীকে হুমকি ও চাপ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় কয়েকজন নেতা-কর্মী। এর পরেই সোমবার দুপুরে ওই দম্পতি আলিপুরদুয়ারের এসপি-র সঙ্গে দেখা করে তাঁদের নিরাপত্তা ও অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। আলিপুরদুয়ারের এসপি অনুপ জায়সবাল বলেন, “ওই দম্পতির নিরাপত্তার সব রকম ব্যবস্থা করা হয়েছে। ওই গ্রামে পুলিশি টহল রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই মহিলা কে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।”

পুলিশের গাড়ি ভাঙচুর

অপহরণকারী সন্দেহে বাড়ি ঘেরাও করে স্থানীয় গ্রামবাসীরা ভাঙচুর শুরু করেছিল। সেই খবর পেয়ে পুলিশ মারমুখী গ্রামবাসীদের হাত থেকে লুতফর রহমান নামে ওই ব্যক্তিকে উদ্ধার করতে গিয়েছিল। পুলিশকে দেখে উত্তেজিত গ্রামবাসীরা চড়াও হয়ে পুলিশের গাড়ি ভাঙচুর করে পুলিশকে মারধর শুরু করে। রবিবার রাত আটটা নাগাদ কালিয়াচক থানার সিলামপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীদের হামলায় সাতজন পুলিশ কর্মী জখম হয়েছেন। জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশের উপর হামলার ঘটনায় সাতজন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে।” সোমবার ধৃত সাত গ্রামবাসীকে আদালতে তোলা হলে ভারপ্রাপ্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অমিতাভ দাস ধৃতদের জামিন নামঞ্জুর করে ২১ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

তিন পুজোকে শারদ সম্মান

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের সেরা তিনটি দুর্গাপুজো কমিটিকে শারদ সম্মান দিল কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি। রবিবার রাতে কালিয়াগঞ্জের নজমু নাট্য হলে সমিতির তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করে কালিয়াগঞ্জ শেঠ কলোনি বারোয়ারি দুর্গাপুজো কমিটিকে প্রথম, শিমুলতলা ইয়ং অ্যাথলেটিক্স ক্লাবকে দ্বিতীয় ও নসিরহাট বারোয়ারি দুর্গাপুজো কমিটিকে তৃতীয় ঘোষণা করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement