সহায়িকা ও কর্মীদের বরাদ্দ বৃদ্ধির দাবি
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সাম্মানিক ভাতা বৃদ্ধি এবং কেন্দ্রগুলিতে মিডডে মিল রান্নার জ্বালানির বরাদ্দ বৃদ্ধির দাবিতে সরব হলেন প্রাক্তন সমাজকল্যাণ মন্ত্রী এবং আরএসপির জেলা সম্পাদক বিশ্বনাথ চৌধুরী। রবিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে আরএসপির সারা বাংলা অঙ্গনওয়াড়ি সহায়িকা ও কর্মী সমিতির জেলা সম্মেলনে ওই দাবিতে সরব হন বিশ্বনাথবাবু। কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি দাবি করেন, “বাম আমলেই অঙ্গনওয়াড়ি কর্মীদের শেষ বেতন ও বরাদ্দ বৃদ্ধি হয়েছিল। কেন্দ্র ও রাজ্যে নতুন সরকারের কেউই বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে না। বাম আমলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে জ্বালানি-সহ সব্জি বরাদ্দের জন্য দিল্লির সরকারের কাছে তদ্বির করে দাবি আদায় করা হয়েছিল। বর্তমান সরকারের বিষয়টি নিয়ে হেলদোল নেই বলে অভিযোগ তাঁর।
৬৫টি কয়লার ট্রাক আটক
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
সরকারি নির্দেশিকা না মেনে কয়লা পরিবহণের অভিযোগে জলপাইগুড়ি জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৬৫টি ট্রাক আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৩৯ জন ট্রাক চালককে। রবিবার রাতে ট্রাকগুলিকে আটক করা হয়। সোমবার আদালতে তোলা হলে, মাথাপিছু ৫ হাজার টাকা করে ব্যক্তিগত জামিনে সকলকে ছাড়া হয়েছে। ট্রাকগুলি অবশ্য পুলিশ আটকে রেখেছে। পুলিশ জানিয়েছে, ভিনরাজ্যে কয়লা নিয়ে যাওয়ার নথি ট্রাকচালকরা দেখাতে না পারায় ধরা হয়েছে।
প্রতারিতদের নিয়ে আন্দোলনে বামেরা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে বেসরকারি অর্থলগ্নি সংস্থার হাতে প্রতারিত গ্রাহক ও এজেন্টদের নিয়ে সংগঠন গড়ে আন্দোলনে নামল বামেরা। ‘চিটফান্ড সাফারার্স অ্যান্ড এজেন্ট ইউনিটি ফোরাম’-নর্থবঙ্গেল নামের এই সংগঠনটি অবশ্য পুরোপুরি অরাজনৈতিক বলে দাবি করেছেন বাম নেতারা। সোমবার হিলকার্ট রোডের সিটুর দফতরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।