Kaliyaganj Station

আবর্জনার স্তূপে বন্ধ স্টেশনে যাওয়ার রাস্তা, ক্ষোভ বাসিন্দাদের

কালিয়াগঞ্জ শহরের ডাকবাংলো রোড এলাকার রাস্তার ধারে রেলের জমিতে আবর্জনা জমাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ পুরসভা ও কালিয়াগঞ্জ স্টেশন কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ ছড়িয়েছে।

গৌর আচার্য 

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০৭:৩১
Share:

কালিয়াগঞ্জ স্টেশন। ছবি: রেল।

দীর্ঘদিন ধরে স্তূপাকারে জমে রয়েছে আবর্জনা। তার জেরে রেল স্টেশনের প্ল্যাটফর্মে যাতায়াতের একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আবর্জনা থেকে দিনভর দূষণ ও দুর্গন্ধের জেরে পথচারী ও বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ।

কালিয়াগঞ্জ শহরের ডাকবাংলো রোড এলাকার রাস্তার ধারে রেলের জমিতে আবর্জনা জমাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ পুরসভা ও কালিয়াগঞ্জ স্টেশন কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ ছড়িয়েছে। ঘটনাস্থল থেকে একশো মিটারের মধ্যে কালিয়াগঞ্জ পুরসভার কার্যালয়। পুরসভার চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিকচন্দ্র পালের দাবি, পুরসভার উদ্যোগে দ্রুত ডাকবাংলো রোড এলাকার রাস্তার ধারের আবর্জনা সাফাইয়ের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, ‘‘রাজ্যে পালাবদলের পরে আমি নতুন পুরসভার দায়িত্ব নিয়েছি। এত দিন কেন ওই এলাকায় আবর্জনা সাফাই হল না, তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।’’ পুরসভা ও কালিয়াগঞ্জ স্টেশনের আধিকারিকদের দাবি, অতীতে একাধিক বার ওই এলাকার রাস্তার ধারের আবর্জনা সাফাই করা হয়েছে। তা সত্ত্বেও রাতের অন্ধকারে বাসিন্দাদের একাংশ সেখানে আবর্জনা ফেলছেন।

কালিয়াগঞ্জ শহরের প্রধান রাজ্য সড়কের বিকল্প রাস্তা হিসেবে ডাকবাংলো রোড পরিচিত। বালুরঘাট-রায়গঞ্জ রুটের বাস-সহ বিভিন্ন যানবাহন ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডাকবাংলো রোড এলাকার রাস্তার ধারে কালিয়াগঞ্জ স্টেশনের দু'নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার পাশে রেলের জমিতে আবর্জনার স্তুপ জমে থাকলেও তা সাফাই করার বিষয়ে পুরসভা ও রেল কোনও ব্যবস্থা নিচ্ছে না।আবর্জনা জমে থাকার কারণে প্ল্যাটফর্মে যাতায়াতের গুরুত্বপূর্ণ ওই রাস্তা পাঁচিল দিয়ে বন্ধ করেছে রেল। শহরের রায় কলোনি এলাকার বাসিন্দা পিঙ্কু সাহা মোহান্ত বলেন, ‘‘আবর্জনার জেরে স্টেশনের দু’নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার ওই রাস্তা বন্ধ হওয়ায় যাত্রীদের ঘুরপথে স্টেশনে যেতে হচ্ছে। বাসিন্দাদের দুর্ভোগ রুখতে রাস্তার ধারের আবর্জনা দ্রুত সাফাই হওয়া জরুরি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন