NBSTC Bus

বাসের গায়ে আর গুটখা, পানমশলার বিজ্ঞাপন থাকবে না, ক্ষতি-স্বীকার করে ‘কঠিন সিদ্ধান্ত’ এনবিএসটিসি-র

সম্প্রতি বিভিন্ন সংগঠন ও সরকারি বিধিনিষেধ মেনে নিগমের তরফে সিদ্ধান্ত নেওয়া হল, তাদের কোনও বাসে আর পানমশলা, গুটখা, সিগারেটের বিজ্ঞাপন থাকবে না। যে বাসগুলোয় আছে, সেগুলো সরিয়ে ফেলতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৫
Share:

এনবিএসটিসি-র কোনও বাসের গায়ে আর এই বিজ্ঞাপন দেখা যাবে না। —নিজস্ব ছবি।

স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এমন কোনও বিজ্ঞাপন আর বাসের গায়ে দেখা যাবে না। এমনই সিদ্ধান্ত নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (এনবিএসটিসি)-র। এনবিএসটিসির যে সমস্ত বাসের গা‌য়ে গুটখা, সিগারেট ইত্যাদি তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন সাঁটা বা আঁকা রয়েছে, কিছু দিনের মধ্যেই তা সরিয়ে ফেলা হবে।

Advertisement

বেশ কয়েক বছর আগে সংস্থার আয় বাড়ানোর জন্য বাসের গায়ে বিজ্ঞাপন দেওয়ার জন্য টেন্ডার ডেকে দু’টি সংস্থাকে দায়িত্ব দিয়েছিল এনবিএসটিসি। তার পর সাবান, শ্যাম্পু, বিস্কুট ইত্যাদি পণ্যের বিজ্ঞাপন দেখা যায় বাসগুলির গায়ে। তবে বিভিন্ন কোম্পানির গুটখার বিজ্ঞাপনই সবচেয়ে বেশি শোভা পায় বাসের গায়ে। সম্প্রতি বিভিন্ন সংগঠন ও সরকারি বিধিনিষেধ মেনে নিগমের তরফে সিদ্ধান্ত নেওয়া হল, তাদের কোনও বাসে আর পানমশলা, গুটখা, সিগারেটের বিজ্ঞাপন থাকবে না। যে বাসগুলোয় আছে, সেগুলো সরিয়ে ফেলা হবে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অধীনে প্রায় সাতশো বাস রয়েছে। নিগম সূত্রে খবর, এদের মধ্যে দেড়শো বাসে গুটকা বা পান মশলার বিজ্ঞাপন রয়েছে। এই সব বিজ্ঞাপন থেকে আগে বছরে মোটামুটি ৪০ লক্ষ টাকা আয় করত তারা। বর্তমানে সেই আয় দাঁড়িয়েছে ১ কোটি ২৫ লক্ষ টাকায়। তার পরেও জনস্বার্থে ‘কঠিন সিদ্ধান্ত’ নিচ্ছেন এনবিএসটিসি কর্তৃপক্ষ। শনিবার সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, ‘‘সরকারি ভাবে পান মশলা কিংবা গুটখা জাতীয় জিনিসের বিক্রির ক্ষেত্রে বাধানিষেধ রয়েছে। তা ছাড়াও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিভিন্ন স্তর থেকে আমার কাছে অভিযোগ-অনুযোগ আসে যে, এই ধরনের বিজ্ঞাপনগুলো আমরা যেন না দিই।’’ তিনি জানান, যে দুটো সংস্থা এই সব বিজ্ঞাপন সাঁটার কাজ করে, তাদের বলা হয়েছে অবিলম্বে বাস থেকে ওই বিজ্ঞাপন গুলো তুলে নিতে। পরিবর্তে অন্য কোনও বিজ্ঞাপন দিলে ভাল।

Advertisement

পার্থপ্রতিম বলেন, ‘‘এই সব বিজ্ঞাপন থেকে এক কোটি ২৫ লক্ষ টাকা আয় হয়েছে আমাদের। তবে যে বিজ্ঞাপন মানুষের স্বাস্থ্যবিরোধী, তা আর কোনও বাসে দেখা যাবে না। যে বাসগুলোতে এই সমস্ত বিজ্ঞাপন লাগানো রয়েছে, তা খোলার প্রক্রিয়া শুরু করে দিয়েছি।’’

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিল্লাই বলেন, ‘‘পান মশলা তো স্বাস্থ্যকর জিনিস নয়, তাই আমরা এ সব জিনিসের বিপণনকে প্রশ্রয় দেব না। বিজ্ঞাপনী সংস্থাগুলোকে অনুরোধ করা হয়েছে , তারা যেন পরিবর্তে অন্য কোনও বিজ্ঞাপন নিয়ে আসে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement