VC of Cooch Behar Panchanan Barma University

টালবাহানার শেষে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় পেল স্থায়ী উপাচার্য, দায়িত্ব পেয়েই গুচ্ছ কাজে হাত সঞ্চারীর

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাধবচন্দ্র অধিকারী বলেন, ‘‘কয়েক বছর ধরে উপাচার্য হিসাবে কাউকে নিযুক্ত করা হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে ছিল। এ বার সেই সমস্ত কাজ দ্রুত শেষ হবে।’’

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৯
Share:

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন সঞ্চারী রায় মুখোপাধ্যায়। —নিজস্ব ছবি।

প্রায় ৩ বছর পর স্থায়ী উপাচার্য পেল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে চার বছরের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিযুক্ত হলেন সঞ্চারী রায় মুখোপাধ্যায়। নবান্ন এবং রাজভবনের দীর্ঘ চাপানউতর শেষে স্থায়ী উপাচার্য পেয়ে খুশি শিক্ষকমহল।

Advertisement

এর আগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত উপাচার্যের দায়িত্ব সামলেছেন সঞ্চারী। অর্থনীতির শিক্ষিকাই যে উপাচার্য হচ্ছেন, তা চলতি মাসে ১৮ তারিখে উচ্চশিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল। সোমবার কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দায়িত্বভার গ্রহণ করেন সঞ্চারী।

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাধবচন্দ্র অধিকারী বলেন, ‘‘কয়েক বছর ধরে উপাচার্য হিসাবে কাউকে নিযুক্ত করা হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে ছিল। এ বার সেই সমস্ত কাজ দ্রুত শেষ হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে সুবিধা হবে। বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে এবং শিক্ষকমহলের কাছে ওঁর নিযুক্ত হওয়াটা খুবই আবশ্যিক ছিল।’’ উপাচার্যের দায়িত্ব নিয়ে সঞ্চারী বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের যে গুরুত্বপূর্ণ বৈঠকগুলি আটকে ছিল, তা অবিলম্বে শেষ করতে হবে। কোথায় কোথায় কোন কোন বিষয়ে খামতি রয়েছে, সেগুলি আমি খতিয়ে দেখব।’’

Advertisement

নয়া উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাজ দ্রুত শেষ করার বিষয়ে উদ্যোগী হবেন। উপাচার্যের অভাবে কয়েক বছর সমাবর্তন অনুষ্ঠান আটকে ছিল। সেই বিষয়টিও দেখবেন।

মাথাভাঙার খলিশামাটিতে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস রয়েছে। সেটিও পরিদর্শনে যাবেন সঞ্চারী। বর্তমানে ওই ক্যাম্পাসে বাংলা এবং ইতিহাস বিভাগ রয়েছে। প্রয়োজনে সেখানে অন্যান্য বিষয়ের বিভাগও চালু করার চিন্তাভাবনা রয়েছে বলে জানান নয়া উপাচার্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement