নজরদারি বাড়াতে সীমান্তে ক্যামেরা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
ভারতের নেপাল ও ভুটান সীমান্তে নজরদারি বাড়াতে ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সশস্ত্র সীমা বল (এসএসবি)। দুই দেশের সীমান্তের নির্বাচিত এলাকায় এই ক্যামেরাগুলি বসানো হবে। শনিবার শিলিগুড়ির রানীডাঙ্গাতে এসএসবির উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে এ কথা জানান এসএসবির ডিজি অরুণ চৌধুরী। নেপাল ও ভুটান মিলিয়ে মোট ২৩০০ কিলোমিটার এলাকার মধ্যে থেকে এসএসবি জায়গা বেছে নিয়ে এই কাজ করবে। ইতিমধ্যেই ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। তিনটি জায়গায় ক্যামেরা বসানোও হয়েছে বলে ডিজি জানিয়েছেন। ডিজি বলেন, “ইদানীংকালে সীমান্ত এলাকায় বেশ কিছু আপত্তিকর কার্যকলাপের খবর পাওয়া গিয়েছে। সে সব দমন করতে প্রতিবারই সংশ্লিষ্ট প্রতিবেশী দেশ থেকে আমরা সাহায্য পেয়েছি। আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্যই এই ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত। এছাড়াও অন্যান্য প্রথাগত নিরাপত্তা বজায় রাখা হবে।” ইতিমধ্যেই ভুটান সীমান্তে জয়গাঁতে এবং নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি ও পশুপতিতে ক্যামেরা বসানো হয়েছে। বাকি এলাকাগুলিও পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রয়োজন মত জায়গা চিহ্নিত করে ক্যামেরা লাগানো হবে। এতে নারী ও শিশু পাচার, আপত্তিকর কার্যকলাপ সহ বহু সমাজবিরোধী কার্যকলাপ আগাম জানা যাবে বলে আশা করছেন তাঁরা। নিরাপত্তা ঠিক রাখতে সীমান্তের গ্রামগুলির বাসিন্দাদের জীবনপঞ্জীর তথ্যভাণ্ডারও তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। এইসব এলাকাতে নিয়মিত নজরদারি করা হয় বলেও এসএসবি সূত্রের খবর। ডিজির দাবি ১২ বছর ধরে এসএসবি এই সীমান্তগুলিতে সাফল্যের সঙ্গে নিরাপত্তা সামলাচ্ছে। আপাতত পাঁচটি ফ্রন্টিয়ার রয়েছে। এর মধ্যে একমাত্র গুয়াহাটি ফ্রন্টিয়ারে ভূটান সীমান্ত রয়েছে। বাকি পাটনা, রানিডাঙ্গা, রানীক্ষেত ও লক্ষ্নৌতে নেপাল সীমান্ত রয়েছে। প্রতিটিতেই একজন আইজি দায়িত্ব সামলাচ্ছেন। এ দিন ভারত ও নেপালের বাসিন্দাদের জন্য একটি অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু করে এসএসবি। এই অ্যাম্বুল্যান্স পানিট্যাঙ্কি সীমান্তে এসএসবির শিবিরে থাকবে। দু’দেশের মানুষের সুবিধার জন্যই এই পরিষেবা বলে জানানো হয়েছে। ভবিষ্যতে ভুটান সীমান্তেও এরকম পরিষেবা চালু করার চিন্তাভাবনা রয়েছে।
অসুস্থ ভোটকর্মীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর
ভোটের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে এক ভোটকর্মীর মৃত্যু হয়েছে। শনিবার উত্তর দিনাজপুরের করণদিঘির বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক সাবু আলির (৪০) মৃত্যু হয়। তিনি করণদিঘি কামারতোড় এলাকার বাসিন্দা। করণদিঘি কামারতোড় হাইস্কুলের শিক্ষক সাবু আলি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ভোটের কাজে প্রিসাইডিং অফিসার পদের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। গত ২৪ এপ্রিল ভোট গ্রহণ করার সময় হঠাতই অসুস্থ হয়ে বসে পড়েন তিনি। অসুস্থ হয়ে পড়ার পরে প্রথমে তাঁকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল ও পরে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। উত্তর দিনাজপুরের জেলাশাসক স্মিতা পাণ্ডে বলেন, “উনি কারণদিঘির বাসিন্দা এবং তিনি কালিয়াগঞ্জে ভোট নিতে গিয়েছিলেন বলে জানতে পেরেছি। বিডিওকে তদন্ত করতে বলা হয়েছে। ওঁর পরিবারের ক্ষতিপূরণের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে।” কালিয়াগঞ্জের বিডিও দাওয়া শেরপা বলেন, “ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই উনি অসুস্থ হয়ে পড়েন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
প্রকল্প নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
ক্ষুদ্র সেচ প্রকল্পের যন্ত্রাংশ খুলে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে বলে অভিযোগ। ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা থানার হাসেনের ঘাট এলাকার। শনিবার এলাকার বাসিন্দাদের একাংশ বিষয়টি নিয়ে জোরপাটকি এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হন। এলাকার তৃণমূল কর্মীদের একাংশের অভিযোগ, মাস ছয়েক আগে দলের মাথাভাঙা-১ নম্বর ব্লকের যুব সভাপতি ফজরুল কাজির নেতৃত্বে সেচ প্রকল্পের যন্ত্রাংশ খুলে নেওয়া হয়। তৃণমূলের কয়েকজন কর্মী তা নিয়ে তাঁরা মাথাভাঙা ১ নম্বর ব্লকের বিডিও এবং থানায় অভিযোগ দায়েরও করেন। মাথাভাঙা-১ নম্বর ব্লকের বিডিও থান্ডুপ ভুটিয়া বলেন, “নতুন করে ওই প্রকল্প চালু করতে হলে অনেক টাকার প্রয়োজন। কীভাবে সেটি চালু কি করা যায় তা দেখা হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখা হবে।” মাথাভাঙার মহকুমা পুলিশ আধিকারিক গণেশ বিশ্বাস বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হবে।”
পার্টি অফিস ভাঙচুরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ
তৃণমূলের পার্টি অফিসে ঢুকে আসবাব পত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। শনিবার রাতে রায়গঞ্জের ১০ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই সময়ে তৃণমূলের পার্টি অফিসে কেউ ছিল না। অভিযোগ, সিপিএমের একদল সমর্থক পার্টি অফিসে ঢুকে প্লাস্টিকের টেবিল-চেয়ার ভাঙচুর করে বাইরে ছুড়ে ফেলে বলে অভিযোগ। তৃণমূলের তরফে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিপিএমের তরফেও তাঁদের কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের অভিযোগেরই তদন্ত হচ্ছে।
পরিদর্শনে রুদ্রনাথ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি
একের পর এক সদ্যোজাতের মৃত্যু নিয়ে অভিযোগ ওঠায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিট পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্য বিষয়ক কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। শনিবার এসএনসিইউ ঘুরে বিস্তারিত খোঁজ খবর নেন তিনি। পরে জানান, ১ টি নবজাতককে ভেন্টিলেটরে রাখা হয়েছে। এসএনসিইউ’তে সব মিলিয়ে বর্তমানে ২০ টি নবজাতক রয়েছে। রুদ্রবাবু বলেন, “সদ্যোজাত অস্বাভাবিক কম ওজনের হলে বিভিন্ন অঙ্গ সঠিক ভাবে কাজ করে না। সে কারণেই অনেক ক্ষেত্রে শিশুকে বাঁচানো যায় না। আবার অনেক শিশুকে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে এই এসএনসিইউ’তে।” তিনি জানান, ইতিমধ্যেই সি-প্যাপ-সহ বেশকিছু নতুন যন্ত্র আনা হয়েছে। প্রয়োজনে আরও সরঞ্জাম পাঠানোর আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য দফতর। এসএনসিইউ’র এক চিকিৎসক বদলি হচ্ছেন। তবে তা নিয়ম মাফিক বলে জানান কর্তৃপক্ষ।
ডালখোলায় কংগ্রেসের বন্ধ মিটল শান্তিতেই
পুরসভার চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টার বন্ধে ডালখোলার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হল শনিবার। এ দিন সকাল থেকে শহরের অধিকাংশ দোকান-বাজার বন্ধ ছিল। তবে বন্ধকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে। পুরসভার কংগ্রেসি চেয়ারম্যান সুভাষ গোস্বামী বলেন, “এলাকাতে স্বতঃস্ফুর্ত ভাবে বন্ধ হয়েছে। এলাকার কোনও ব্যবসায়ীকেই দোকান বন্ধ রাখার জন্য এ দিন বলতে হয়নি। তাঁরা নিজেরাই ব্যবসা বন্ধ রেখেছেন। এলাকার তৃণমূলের দুষ্কৃতীরা গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনে নামব।” গত বৃহস্পতিবার রাতে পুরসভার চেয়ারম্যানের উপর হামলার অভিযোগ উঠেছিল তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। এ দিন অবশ্য এলাকায় জোর করে দোকান বন্ধ রাখার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। তৃণমূলের ডালখোলার শহর কার্যনিবাহী সভাপতি তনয় দে বলেন, “এলাকার অনেক ব্যবসায়ী দোকান খুলতে চাইলেও লাঠির ভয়ে তারা দোকান বন্ধ রেখেছিলেন।” হামলা প্রসঙ্গে তাঁর কটাক্ষ, “পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। রাজনীতি করতে পরিবারের সদস্যদের নামও ব্যবহার করা হচ্ছে। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল বলেন, “পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও পযন্ত কাউকে গ্রেফতার হয় নি।”
মালদহের একটি বুথে আজ ভোট
মালদহের বৈষ্ণবনগর বিধানসভার ১২ নম্বর মোল্লাটোলা প্রাথমিক স্কুল বুথে পুর্ননির্বাচন হবে। আজ, রবিবার ওই বুথে ফের ভোট নেওয়া হবে। যান্ত্রিক ত্রুটির কারণে ওই বুথে পুননির্বাচনের প্রস্তাব শুক্রবারই কমিশনে পাঠানো হয়েছিল। তারপর এদিন কমিশনের তরফে ওই বুথে পুর্ননির্বাচনের নির্দেশ এসে পৌঁছেছে। ওই বুথে মোট ভোটারের সংখ্যা ১০৪৯ জন বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। জেলাশাসক তথা রিটার্নিং অফিসার শরদ কুমার দ্বিবেদী বলেন, “জেলায় একমাত্র ওই বুথেই পুননির্বাচন হচ্ছে।”
আগুনে মৃত্যু
শর্ট সার্কিট থেকে আগুন লেগে শোওয়ার ঘরে-ই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। শনিবার ভোররাতে ওল্ড মালদহ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তুঁতবাড়ি পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পুড়ে গিয়েছে তিনটি বাড়ি-সহ দু’টি গবাদি পশু। মালদহ সদর থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, মৃতার নাম আমিনা বিবি (৪৭)। ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন অসুস্থ আমিনা বিবি। আগুন লাগার পর চেষ্টা করেও তিনি বাড়ি থেকে বের হতে পারেননি বলে পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে। মালদহ সদর দমকলের ওসি সাইদুল ইসলাম বলেন, “শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।”
প্রতিষ্ঠা দিবস
প্রাক শতবর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপন করল তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল হাইস্কুল কর্তৃপক্ষ। শনিবার দিনভর নানা অনুষ্ঠানের মাধ্যমে ওই স্কুলের ৯৯ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। মহারাজা নৃপেন্দ্র নারায়ণের ছবি লাগানো ৯৯টি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রায় ৫ কিলোমিটার ম্যারাথন দৌড়, রচনা লেখা ও আঁকা প্রতিযোগিতার আয়োজন ছিল। ছাত্রদের টি ২০ ক্রিকেট ছিল বাড়তি আকর্ষণ। প্রাক্তন ও বর্তমান ছাত্র শিক্ষক ও অভিভাবকদের নিয়ে শোভাযাত্রাও শহর পরিক্রমা করে। শতবর্ষ উদযাপন কমিটির সম্পাদক গোপাল বিদ্যানন্দ বলেন, “আগামী বছর ২৬ এপ্রিল বর্ষব্যাপী শতবর্ষ পূর্তির মূল অনুষ্ঠান শুরু হবে। ওই দিন স্কুল চত্বরে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের মূর্তি উদ্বোধন হবে।”
অভিযানে অটোর বিরুদ্ধে মামলা
প্রথম দিন অভিযানে নেমেই আড়াইশো অটোর বিরুদ্ধে মামলা করল শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। শনিবার অভিযান শুরু হয় পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ড এলাকায়। গার্ডের ওসি ভবেন রায়ের নেতৃত্বে অভিযান চলে। অতিরিক্ত যাত্রী বহন, সামনে বেআইনি ভাবে কাঠের তক্তা লাগিয়ে আসন তৈরি করা, লাইসেন্স বিহীন অটো চালানো, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, বীমার মেয়াদ উত্তীর্ণ হওয়ার মামলা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভবেনবাবু। তিনি বলেন, “এদিন পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের পানিট্যাঙ্কি মোড়, সেবক মোড় ও এয়ারভিউ মোড়ে অভিযান চালানো হয়েছে। মামলা করা ছাড়াও প্রচুর অটোকে সতর্ক করা হয়েছে।” এই অভিযান লাগাতার চলবে।
ধৃত তৃণমূল নেতা
প্রতিবেশি এক মহিলার শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে তৃণমূলের এক নেতাকে গ্রেফতার করল পুলিশ। শনিবার সকালে মাটিগাড়ার সাধানমোড় এলাকার বাসিন্দা ওই নেতা, পরেশ সন্ন্যাসীকে ধরা হয়। দু’দিন আগে এলাকার একটি কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা বাধে। সে সময় পরেশবাবু ওই মহিলাকে মারধর, শ্লীলতাহানি করেন বলে অভিযোগ দায়ের হয়। দার্জিলিং জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমিত্র কুণ্ডু বলেন, “পরেশবাবুকে জড়িয়ে তাঁর নামে অভিযোগ হয়েছে। বয়স্ক পরেশবাবুর দোষ নেই। রাজনীতির ব্যাপারও নেই।”
শহরেই মরীচিকা রায়গঞ্জে শনিবার। ছবি: তরুণ দেবনাথ।