টুকরো খবর

পুরসভার তরফে গরিব বাসিন্দারা সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ তুলল বামেরা। সোমবার শিলিগুড়ি পুরসভায় গিয়ে মেয়র গঙ্গোত্রী দত্তকে এ ব্যাপারে স্মারকলিপি দেন বামফ্রন্টের নেতারা। সিপিএমের দার্জিলিং জেলার কার্যকরী সম্পাদক জীবেশ সরকার, আরএসপি নেতা দিলীপ রায়, সিপিআই জেলা সম্পাদক উজ্জ্বল চৌধুরী, পুরসভার বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম এবং বাম কাউন্সিলররা গিয়েছিলেন স্মারকলিপি দিতে।

Advertisement
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৪ ০২:০৬
Share:

বঞ্চিত গরিব, নালিশ বামেদের
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

Advertisement

পুরসভার তরফে গরিব বাসিন্দারা সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ তুলল বামেরা। সোমবার শিলিগুড়ি পুরসভায় গিয়ে মেয়র গঙ্গোত্রী দত্তকে এ ব্যাপারে স্মারকলিপি দেন বামফ্রন্টের নেতারা। সিপিএমের দার্জিলিং জেলার কার্যকরী সম্পাদক জীবেশ সরকার, আরএসপি নেতা দিলীপ রায়, সিপিআই জেলা সম্পাদক উজ্জ্বল চৌধুরী, পুরসভার বিরোধী দলনেতা মুন্সি নুরুল ইসলাম এবং বাম কাউন্সিলররা গিয়েছিলেন স্মারকলিপি দিতে। তাঁদের অভিযোগ, পুরসভার তরফে গরিব বাসিন্দাদের চাল, ভাতা দেওয়া হত। ৬ মাস ধরে তা বন্ধ রয়েছে। পুরসভার পক্ষ থেকে তা দেওয়ার ব্যবস্থা করা হোক। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “বকেয়া ওই সমস্ত ভাতা এবং সুবিধা বাসিন্দাদের দিতে আমরা চেষ্টা করছি।” সেই সঙ্গে জমির পাট্টা, আইপিপি-৮ প্রকল্পে বরখাস্ত অস্থায়ী মহিলা স্বাস্থ্যকর্মীদের পুনর্বহাল, শহরের ট্রাফিক সমস্যা সমাধানের দাবি তোলেন বামেরা। শহরের অবৈধ নির্মাণ নিয়েও তারা সরব হয়েছেন। শহরে বিভিন্ন এলাকায় কয়েক বছর ধরেই নানা অবৈধ নির্মাণ চললেও পুর কর্তৃপক্ষ তদন্ত করে সে সব ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নিতে পারছেন না। অক্টোবরে বর্তমান পুর কর্তৃপক্ষের মেয়াদ ফুরবে। তার আগে নির্বাচন প্রক্রিয়া সময় মতো করার দাবি তুলেছে তারা। জীবেশবাবু বলেন, “মহকুমা পরিষদের নির্বাচন নিয়ে যে আসন বিন্যাসের খসড়া প্রকাশ হয়েছে তাতে শাসক দলের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে। নিজেদের সুবিধার জন্য রাজ্যের শাসক দল পুরসভার নির্বাচন পিছিয়ে দিতে পারে বলে বামেদের আশঙ্কা। এ কথা জানিয়ে যথা সময়ে নির্বাচন করার জন্য এ দিন মেয়রের মাধ্যমে আর্জি জানান তারা। মেয়র গঙ্গোত্রী দত্ত বলেছেন, “নির্বাচন যথা সময়ে হোক তা আমরাও চাই।”

Advertisement

এখনও অধরা অভিযুক্তেরা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

ট্রেন ধরতে মধ্যরাতে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে মদ্যপ যুবকদের হাতে দুই যুবকের মার খাওয়ার পরে ২৪ ঘণ্টার বেশি কেটে গেলেও অভিযুক্তরা অধরাই বলে অভিযোগ। যদিও যে হোটেলে অভিযুক্তেরা খাওয়া-দাওয়া করে, সেখানে ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো থাকলেও পুলিশ ফুটেজ সংগ্রহ করেনি বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী থেকে নিত্যযাত্রীদের সংগঠন। পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার রাতে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ লিটার দেশি মদ সহ এক জনকে ধরা হয়েছে। শনিবার রাতে গরিব রথ এক্সপ্রেস ধরতে এসে মদ্যপ যুবকদের হাতে প্রহৃত হন শিলিগুড়ির বাসিন্দা দীপঙ্কর রায় ও জিয়াউল রহমান। পরদিন সকালে নিউ জলপাইগুড়ি ফাঁড়িতে তাঁরা অভিযোগ করেছেন। তাঁদের গলায় নাইলনের দড়ি পেঁচিয়ে, লাথি, ঘুঁষি ও বোতল দিয়ে মারা হয় বলে অভিযোগ। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি স্কুটার পুলিশ আটক করে। সেগুলি অভিযুক্তদের বলে সন্দেহ। যদিও, ওই স্কুটারের রেজিস্ট্রেশন থেকে মালিকের খোঁজ মিলেছে কি না তাও পুলিশ জানাতে চায়নি। শিলিগুড়ির পুলিশ কমিশনার জগ মোহন বলেন, “পুরো বিষয়টি খতিয়ে দেখতে হবে। নজরদারি বাড়ানো হচ্ছে। দুই-এক দিনের মধ্যে অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে।” প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, “এলাাকাটি অপরাধীর খোলা ময়দানে পরিণত হয়েছে। মদ, জুয়ার আসর বসছে নিয়মিত। পুলিশ সতর্ক না হলে সমস্যা বাড়বে।” এলাকার কাউন্সিলর তৃণমূলের জয়দীপ নন্দীও বলেন, “যা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়।”

মালখানের ফের পুলিশ হেফাজত
নিজস্ব সংবাদদাতা • চাঁচল

কেএলও-র অ্যাকশন স্কোয়াডের অন্যতম সদস্য মাধব মণ্ডল ওরফে মালখান সিংহকে ফের ন’দিনের জন্য হেফাজতে নিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালের একটি মামলায় তদন্তের স্বার্থে মালখানকে হেফাজতে নিয়েছে পুলিশ। মালদহের বামনগোলা থেকে গত ১২ এপ্রিল গভীর রাতে গ্রেফতার করে তাকে আদালতে তোলার পর প্রথমে ১৪ দিনের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ। ১৪ দিনের হেফাজত শেষে রবিবার তাকে ফের আদালতে তোলা হয়। পৃথক একটি মামলায় তাকে একদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সোমবার ফের তাকে আদালতে তোলা হয়। পুলিশ অবশ্য এ দিন মালখানকে ১৪ দিনের জন্য হেফাজতের নেওয়ার আবেদন জানায়। মালদহ আদালতের সিজেএম প্রদীপ কুমার রায় ন’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সরকারি আইনজীবী বীতেন চৌধুরী বলেন, “২০১৩ সালের একটি অস্ত্র মামলায় তদন্তের জন্য মালখানকে হেফাজতে নিয়েছে পুলিশ।” পুলিশ সূত্রের খবর, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি হবিবপুর থানার মঙ্গলপুরা পঞ্চায়েতের পশ্চিমপাড়া থেকে পুলিশ চার জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে মালখানও ঘটনাস্থলে ছিল। কিন্তু পুলিশ হানা দিতেই সে পালিয়ে গিয়েছে। মালখানের কাছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র রয়েছে বলে ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে। সেই অস্ত্র মামলাতেই পুলিশ এ দিন মালখানকে ফের হেফাজতে নিয়েছে।

পুরসভার নির্বাচনের প্রস্তুতি গঙ্গারামপুরে
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট

লোকসভার ভোট প্রক্রিয়া শেষ না হতেই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হল। সোমবার মহকুমাশাসকের দফতর থেকে পুরসভার ১৮টি ওয়ার্ডের আসন সংরক্ষণ তালিকা প্রকাশ করা হল। গঙ্গারামপুরের মহকুমা শাসক দেবাশিস বিশ্বাস জানান, জুন মাসে গঙ্গারামপুর পুর বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক না হলেও এদিন ১৮টি ওয়ার্ডের সংরক্ষণ তালিকা প্রকাশ করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরসভার ২, ৪, ৭, ৮, ১২, ১৩, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড সাধারণ ১, ৬, ও ৯ নম্বর সাধারণ মহিলার জন্য, এস সিদের জন্য ৫, ১০, ও ১৪ নম্বর ওয়ার্ড, এস সি মহিলার জন্য ৩, ১১, ও ১৬ নম্বর এবং এস টি-র জন্য ১৫ নম্বর ওয়ার্ড সংরক্ষিত হয়েছে। দশ বছর ধরে গঙ্গারামপুর পুরসভা সিপিএমের দখলে রয়েছে। ১৮টি ওয়ার্ডের মধ্যে সিপিএমের দখলে রয়েছে ১২টি ওয়ার্ড ও ৬টি তৃণমূলের দখলে।

দুর্ঘটনায় জখম ২৫
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

যাত্রিবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা মারল। সোমবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ঘোষপুকুর সংলগ্ন এলাকায়। ঘটনায় বাসের বেশ কয়েক জন যাত্রী আহত হন বলে জানা গিয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল এবং মাটিগাড়ার একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। বাসে মোট ৩০ জন যাত্রী ছিল। এর মধ্যে ২৫ জনের সামান্য চোট লাগে বলে পুলিশ সূত্রের খবর। তবে কারও চোটই মারাত্মক নয় বলে জানানো হয়েছে। বাসটি বালুরঘাট থেকে শিলিগুড়ির দিকে আসছিল। সেটি ঘোষপুকুর টোল গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা মারে। বাস ও ট্রাক দুটি আটক করেছে পুলিশ।

এসএসবি-র পাসিং আউট রানিডাঙায়
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি

শিলিগুড়ির রানিডাঙ্গায় সশস্ত্র সীমা বলের জওয়ানদের পাসিং আউট প্যারেড হল। সোমবার তাতে উপস্থিত ছিলেন এসএসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ার আইজি কুলদীপ সিংহ। মোট ৩৪৪ জন প্যারেডে অংশ নেন ও শপথবাক্য পাঠ করেন। এদিন কনস্টেবল পদে পাশ করা জওয়ানদের ইন্দো-নেপাল ও ইন্দো-ভুটান সীমান্তের গ্রামগুলিতে নিয়োগ করা হবে। এসএসবির তরফে কনস্টেবল রাতুল বর্মনকে এ দিন সেরা শিক্ষার্থী ঘোষণা করা হয়। এ দিন প্যারেড ছাড়া ডগ শো, ক্যারেটে ভল্টিং বক্স, ড্রিল অনুষ্ঠান হয়।

ফুলহারে নিখোঁজ বালিকার দেহ মিলল
নিজস্ব সংবাদদাতা • চাঁচল

দু’দিন বাদে উদ্ধার হল ফুলহারের জলে তলিয়ে যাওয়া কিশোরীর দেহ। মানিকচকের ওসি আশুতোষ পাল জানান, সোমবার ভোরে মানিকচকের শঙ্করটোলা ঘাট থেকে কিছুটা দূরেই কবিতা মণ্ডল (১৬) নামে ওই কিশোরীর দেহ মেলে। পুলিশ জানায়, দিল্লি থেকে বেড়াতে এসে শঙ্করটোলা এলাকায় ফুলহার নদীতে স্নান করতে নেমে দিদি ববিতার সঙ্গে তলিয়ে যায় কবিতা। শনিবার দুপুরে ওই ঘটনার পর বিকেলে ববিতার দেহ উদ্ধার হলেও কবিতার খোঁজ মেলেনি। এ দিন ঘাট থেকে কিছুটা দূরেই দেহটি মেলে।

দু’টি ঘর ভস্মীভূত
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা

রবিবার রাতে দুটি পৃথক অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল দু’টি মুদি দোকান। প্রথম ঘটনাটি শামুকতলার রহিমাবাদ চা বাগানের খোয়ার লাইনের। মধুকর শর্মা নামে এক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়। আলিপুরদুয়ার থেকে ইঞ্জিন পৌঁছনোর আগেই সব পুড়ে যায়। দ্বিতীয় অগ্নিকাণ্ডটি ঘটে শামুকতলর টটপাড়ায়। সৃজন সরকার নামে এক মুদি ব্যবসায়ীর দোকানে।

অবরোধ

লো ভোল্টেজের জেরে খেতে সেচের সমস্যার অভিযোগে কোচবিহারে রাস্তা অবরোধ করলেন কৃষকরা। সোমবার বিকেল ৪ টা থেকে কোচবিহার-দিনহাটা সড়কে মরাপোড়া চৌপথিতে অবরোধ করে বিক্ষোভ দেখান চিলকিরহাট এলাকার কৃষকরা। তাঁদের অভিযোগ, লো ভোল্টেজের জন্য বোরো ধানের ক্ষেতে সেচের জল দেওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে।


স্কুল শেষে বাড়ির পথে। বালুরঘাটের হিলি সীমান্তের হরিপুকুর গ্রামে। ছবি: অমিত মোহান্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement