সম্প্রতি মালদহের দুর্গাকিঙ্কর সদনে অনুষ্ঠিত হল ‘ড্রামাটিক ক্লাব’ আয়োজিত ‘নাট্যমেলা-২০১৬’। তিন দিনের এই নাট্যমেলায় প্রথম দিন মঞ্চস্থ হয় ড্রামাটিক ক্লাব প্রযোজিত নাটক ‘সাজানো বাগান’। রচনা মনোজ মিত্র। নির্দেশনা দেবাশীষ ভূতি। দ্বিতীয় দিন অভিনীত হয় ‘নান্দীপট’ কলকাতার নাটক ‘বল্লভপুরের রূপকথা’। নির্দেশনায় ছিলেন প্রকাশ ভট্টাচার্য। এক জমিদারের উত্তরপুরুষের দৈন্য আর্থিক অবস্থা, জমিদারি বজায় রাখতে নাভিশ্বাস অবস্থা। তাঁরা বসতবাড়ি বিক্রির চেষ্টাও করেন। ক্রেতাদের জমিদারি ঠাটবাট দেখানোর জন্য পাইকপেয়াদা ভাড়া করে নিয়ে আসেন। বাড়ির মৃত পরিচারকের আত্মা ওই বাড়িতেই ঘুরে ঘুরে বেড়ায়। অবশেষে বাড়িটি বিক্রি করা যায় না। এই ঘটনাটাই আবর্তিত হয়েছে নাটকে। শেষ দিন মঞ্চস্থ হয় ‘হযবরল’ নাট্যদলের নাটক ‘জাহানারা জাহানারা’। রচনা ও নির্দেশনা চন্দন সেন। বস্তি অঞ্চলের এক মুসলিম মেয়ের জীবনকাহিনি ঘিরেই নাটকের বিস্তার ঘটে। স্মারকগ্রন্থ প্রকাশ করেন আয়োজক নাট্যদলের কার্যকরী সভাপতি পীযূষ চট্টোপাধ্যায়। সংস্থার পক্ষ থেকে সম্মাননা জানানো হয় দীনেশ জোয়ারদার, রণজিৎ দেবভূতি, মুকুল চৌধুরী এবং পীযূষ চট্টোপাধ্যায়দের মতো নাট্যব্যক্তিত্বদের। আর্থিক সহযোগিতা করা হয় তবলিয়া বিশ্বনাথ চৌধুরীকে।
লেখা ও ছবি: অনিতা দত্ত।