‘খাদ্য সুরক্ষা আইন’ প্রকল্প তালিকায় গরিবের বদলে পূর্তমন্ত্রীর নাম নথিভুক্তের অভিযোগ উঠেছিল দক্ষিণ দিনাজপুরে। এর প্রতিবাদে গত ১৩ মে কংগ্রেস বিক্ষোভ দেখিয়েছিল। তার পাল্টা হিসেবে কংগ্রেসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন। জেলাশাসক তাপস চৌধুরী বলেন, ‘‘প্রশাসনিক চত্বরে অবৈধ জমায়েত, উচ্চস্বরে মাইক বাজানো-সহ একাধিক অভিযোগে জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছি।’’ জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জন রায় বলেন, ‘‘অভিযোগ করে আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। এর প্রতিবাদে আমরা জেলা জুড়ে পথ অবরোধ করব।’’ প্রসঙ্গত, পেশায় আইনজীবী জেলা কংগ্রেস সভাপতি নীলাঞ্জনবাবুর নেতৃত্বে গত ১৩ মে বিকেলে বালুরঘাটে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ জমায়েত হয়েছিল। ওই দিন দেওয়া স্মারকলিপির বিষয়ে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে জানতে এ দিন কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে দেখা করতে যান। অভিযোগ, জেলাশাসক তাঁদের সঙ্গে দেখা করেননি। জেলা কংগ্রেস নেতা তথা পিসিসির সদস্য মনোরঞ্জন সরকারের দাবি, ‘‘জেলাশাসক নিজেও দেখা করেননি। অন্য আধিকারিকেরাও দেখা করবেন না বলে আর্দালি মারফত জানিয়ে দেওয়া হয়।’’