বছর দুয়েক বন্ধ নিগমের বাস, ভোগান্তি

এক সময়ে সরকারি বাসে চেপে সরাসরি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পৌঁছোনা যেত। মহকুমা সদরের সঙ্গেও সরাসরি যোগাযোগে ভরসা ছিল সরকারি বাস। বছর দু’য়েক আগে সেই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ সহ পার মেখলিগঞ্জ ও হেমকুমারীর বাসিন্দারা।

Advertisement

রাজা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৪ ০১:৫৯
Share:

এক সময়ে সরকারি বাসে চেপে সরাসরি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পৌঁছোনা যেত। মহকুমা সদরের সঙ্গেও সরাসরি যোগাযোগে ভরসা ছিল সরকারি বাস। বছর দু’য়েক আগে সেই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ সহ পার মেখলিগঞ্জ ও হেমকুমারীর বাসিন্দারা। একসময়ে দেওয়ানগঞ্জ থেকে বিভিন্ন রুটে চারটি সরকারি বাস চলাচল করত। সবকটি বাস বছর দু’য়েক আগে বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। সম্প্রতি দেওয়ানগঞ্জ পারমেখলিগঞ্জ হেমকুমারী এলাকার বাসিন্দারা গণস্বাক্ষর সংগ্রহ করে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের স্মারকলিপি পাঠিয়েছিলেন। তারও আগে হলদিবাড়ির বিডিও-র কাছেও স্মারকলিপি পাঠানো হয়। তাতেও ফল মেলেনি বলে অভিযোগ করে ভোটের আগে ফের আন্দোলনের প্রস্তুতি নিতে চলেছেন বাসিন্দারা। তৈরি হয়েছে নাগরিক কমিটিও। আজ বৃহস্পতিবার কমিটি বৈঠকে বসবে বলে জানা গিয়েছে। বাসের দাবি নিয়ে আন্দোলন করার কথা জেলায় আসা কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষকেও জানানোর চিন্তা ভাবনা করছে কমিটি। জেলা পরিবহণ আধিকারিক তাপস বিশ্বাস বলেন, “সরকারি বাস চলাচলের বিষয়টি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম দেখে। নিগমের সঙ্গে আলোচনা করব।” নিগমের ম্যানেজিং ডাইরেক্টর জয়দেব ঠাকুর বলেন, “বাসিন্দাদের দাবি দেখে নিশ্চয়ই যথাযথ পদক্ষেপ করা হবে।”

Advertisement

আগে দেওয়ানগঞ্জ শিলিগুড়ি হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে একটি বাস যাতায়াত করত। দেওয়ানগঞ্জ থেকে মেখলিগঞ্জে একটি বাস চলত। হেমকুমারী থেকে একটি বাস ছেড়ে দেওয়ানগঞ্জ, হলদিবাড়ি, জলপাইগুড়ি হয়ে ময়নাগুড়ি যেত। বছর দু’য়েক আগে সবকটি বাস বন্ধ হয়ে যাওয়ার পরে, বহরমপুর থেকে দেওয়ানগঞ্জের মধ্যে একটি বাস চলার কথা থাকলেও বর্তমানে বাসটি অনিয়মিত। বাসটি চললেও, দেওয়ানগঞ্জ পর্যন্ত চলাচল করে না বলে অভিযোগ। সরকারি বাস বন্ধ হয়ে যাওয়ার পরে দুর্ভোগের কথা জানিয়েছেন বাসিন্দারা। তাঁরা জানান, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মধ্যে চলাচলকারী বাসটি বন্ধ হওয়ায় ফলে দুর্ভোগ বেড়েছে। অসুস্থ নিয়ে যাওয়া বা মেডিক্যাল কলেজে ভর্তি রোগীকে দেখতে যাওয়ার মূল ভরসা ছিল ওই বাসটি। বাস বন্ধের পর থেকে সে সুযোগ নেই বাসিন্দাদের। ব্যবসায়ীরাও শিলিগুড়ি যেতে সমস্যায় পড়েছেন।

সেই সঙ্গে যে কোনও সরকারি কাজে মহকুমা শহর মেখলিগঞ্জের সঙ্গে সরাসরি যোগাযোগের ক্ষেত্রেও সরকারি বাস ছিল মূল ভরসা। বর্তমানে সরাসরি বাস চলাচল না থাকায় হয় তিস্তা নদীতে নৌকায় অথবা বাস বদলে বাসিন্দাদের মেখলিগঞ্জে যেতে হচ্ছে। নাগরিক কমিটির মূখপাত্র তথা দেওয়ানগঞ্জ ব্যবসায়ী সমিতি সম্পাদক ঋতম রায় বলেন, “আমাদের দাবি মানা হয়নি। বৃহস্পতিবার আমরা বসে আন্দোলনের পরবর্তী রূপরেখা তৈরি করব। ভোটের জন্য আসা পরিদর্শকের সঙ্গে দেখা করে সরাকরি বাস না চলার কথা জানাব। সরকারি বাস পরিষেবা থেকেই যেখানে বাসিন্দারা বঞ্চিত, সেখানে তাঁদের পক্ষে ভোট দেওয়া কী করে সম্ভব, তা জানতে চাইব।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement