সরকারি সাহায্যের দাবিতে মঙ্গলবার ডানকান গোষ্ঠীর ধূমচিপাড়া চা বাগানের শ-দেড়েক শ্রমিকেরা মাদারিহাটের বিডিও রাজীব দাশগুপ্তকে ডেপুটেশন দেন। বিডিওকে শ্রমিকেরা জানিয়েছেন, চা বাগানে পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। রেশনে নিম্ন মানের চাল সরবরাহ করা হচ্ছে। বন্ধ বাগানের শ্রমিকদের দেড় হাজার টাকা অনুদান দেওয়া হলেও ওই বাগানের শ্রমিকেরা তা পাচ্ছেন না। তাঁদের আরও ক্ষোভ, সপ্তাহে এক দিন মেডিক্যাল ক্যাম্প বসলেও বাকি দিন চিকিৎসা পরিষেবা মেলে না। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বিনা পয়সায় ওষুধ পাওয়া যাচ্ছে না। ১০০ দিনের কাজ করে গত বছরের টাকা আটকে রয়েছে। বিডিও বিষয়টি দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন।