Arrest

মিথিলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডে গ্রেফতার এক জন

রেল সূত্রের খবর, গত ১৯ মে হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে যখন মিথিলা এক্সপ্রেস যাত্রী নিয়ে রওনা হওয়ার অপেক্ষায় ছিল, তার কিছু ক্ষণ আগে ট্রেনের একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। রেল পুলিশকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন আয়ত্তে আসে।

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০৭:৫৯
Share:

— প্রতীকী চিত্র।

হাওড়া স্টেশনে মিথিলা এক্সপ্রেসে আগুন লাগার ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে রেল রক্ষী বাহিনী (আরপিএফ)। ধৃতের নাম ধর্মেন্দ্র বিশ্বকর্মা। তার বাড়ি উত্তরপ্রদেশের মির্জাপুরে। তবে বর্তমানে ধর্মেন্দ্র ডানকুনির সাইডিংয়ে থাকত বলে জানতে পেরেছে রেল পুলিশ। গত শনিবার হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরা হয় ওই অভিযুক্তকে। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন আরপিএফের তদন্তকারীরা। প্রাথমিক ভাবে পুলিশের দাবি, মিথিলা এক্সপ্রেসে আগুন লাগানোর কথা স্বীকার করেছে অভিযুক্ত।

রেল সূত্রের খবর, গত ১৯ মে হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে যখন মিথিলা এক্সপ্রেস যাত্রী নিয়ে রওনা হওয়ার অপেক্ষায় ছিল, তার কিছু ক্ষণ আগে ট্রেনের একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। রেল পুলিশকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন আয়ত্তে আসে। ওই ঘটনার কিছু ক্ষণ আগে, সে দিনই হাওড়া স্টেশনের পুরনো ক্যাবওয়েতে একটি জায়গায় আগুন লেগেছিল। তদন্ত শুরু করে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তকারীরা জানতে পারেন, দু’টি ঘটনায় একই ব্যক্তি জড়িত। পুলিশ জানিয়েছে, সে দিন ধর্মেন্দ্র সারা দিন স্টেশনে ছিল। এমনকি, গ্রেফতার হওয়ার দিনেও সে স্টেশনেই গা-ঢাকা দিয়ে ছিল।

তদন্তকারীদের দাবি, অভিযুক্তের কথায় একাধিক অসঙ্গতি রয়েছে। কেন মিথিলা এক্সপ্রেসে আগুন লাগানো হয়েছিল, তা জানতে চাইলে সে কয়েক জনের নাম বলেছে পুলিশকে। এ-ও দাবি করেছে, তারাই তাকে আগুন লাগাতে নির্দেশ দিয়েছিল। রেল পুলিশ জানিয়েছে, ধর্মেন্দ্র যাদের নাম বলেছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাতেই অভিযুক্তের কথার সঙ্গে ‘সন্দেহভাজনদের’ বক্তব্যের কিছু গরমিল উঠে এসেছে।

সূত্রের খবর, মিথিলা এক্সপ্রেসের যে কামরায় আগুন লেগেছিল, সেটির ভিতর থেকে পোড়া কাপড়ের টুকরো মিলেছে। যা দেখে ফরেন্সিক বিশেষজ্ঞদের ধারণা, কেরোসিন বা পেট্রল জাতীয় কিছু ব্যবহার করে আগুন লাগানো হয়েছিল। ওই ঘটনার আগে অভিযুক্ত ধর্মেন্দ্রকে একটি পেট্রল পাম্পে দেখা গিয়েছিল বলেও পুলিশের একটি সূত্রের দাবি।

সিসি ক্যামেরার ফুটেজের সূত্রে তদন্তকারীরা আরও দেখেছেন, ঘটনার দিন, অর্থাৎ ১৯ মে ধর্মেন্দ্র হাওড়া স্টেশনের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিল। প্রথমে পুরনো ক্যাবওয়েতে একটি প্লাস্টিকের জিনিস ফেলতে দেখা যায় তাকে। যেটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এর কিছু পরেই দেখা যায়, অভিযুক্ত মিথিলা এক্সপ্রেসে উঠেছে। কয়েক মিনিট পরে ট্রেন থেকে নেমে যায় সে। এর পরেই ট্রেনের একটি কামরায় আগুনের ঘটনা সামনে আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন