—প্রতীকী চিত্র।
শ্যালিকার বিয়ের টাকা জামাই হাতানোর পরে ফের প্রতারণার অভিযোগ পুরুলিয়ায়। এ বার দাদাশ্বশুরের টাকা হাতানোর অভিযোগ নাতজামাইয়ের বিরুদ্ধে। শুক্রবার অভিযুক্তের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
অবসরপ্রাপ্ত বনকর্মী নিজের জমানো টাকা তুলতে চেক নিয়ে গিয়েছিলেন ব্যাঙ্কে। তবে জানতে পারেন টাকা নেই। অথচ তাঁর হিসাবে ব্যাঙ্কে প্রায় এগারো লক্ষের বেশি টাকা থাকার কথা। অবশেষে পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধ। তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তের নাতজামাই মধুসূদন মাহাতোকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের বাড়ি হুড়া থানা এলাকায়। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতকে আদালতে পেশ করা হলে বিচারক তাঁর সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
থানা সূত্রে খবর, দাদাশ্বশুরের এটিএম কার্ড হাতিয়েছিলেন নাতজামাই। এটিএম কার্ড ও ইউপিআইয়ের মাধ্যমে ধাপে ধাপে দশ লক্ষ ৮৮ হাজার টাকা তুলেছিলেন মধুসূদন।
প্রতারণার ঘটনা প্রসঙ্গে জেলা পুলিশের ডিএসপি (ডিইবি) জীবনেশ রায় বলেন, ‘‘কোনও ভাবেই ব্যাঙ্কের নথি কারও হাতে তুলে দেওয়া উচিত নয়। অন্য কারও হাত দিয়ে টাকা তোলা বা জমা করার জন্য নিজের এটিএম কার্ড দেওয়া উচিত নয়। প্রয়োজন সচেতন হওয়া।”