BJP MLA

শিক্ষকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানো বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় ইন্দাসের স্কুল! নির্মল বললেন, ‘সমালোচনা হবেই’

গত মঙ্গলবার দুপুরে আচমকাই ইন্দাস ব্লকের কুশমুড়ি হাইস্কুলে অষ্টম শ্রেণির কক্ষে হাজির হন বিধায়ক নির্মল। ওই ক্লাসে তখন গোলকবিহারী বন্দ্যোপাধ্যায় নামে এক শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানোর অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১০
Share:

ইন্দাসের স্কুলের সামনে মঙ্গলবার বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়া। — ফাইল চিত্র।

ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষে অনুমতি ছাড়া প্রবেশ করে শিক্ষকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানোর ঘটনায় বিধায়কের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন স্কুল কর্তৃপক্ষ। মঙ্গলবার ইন্দাসের কুশমুড়ি হাইস্কুলের শ্রেণিকক্ষে প্রবেশ করে এক শিক্ষকের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মলকুমার ধাড়া। সেই নিয়ে বিতর্ক তৈরি হয়। স্কুলের পরিচালন সমিতি তড়িঘড়ি বৈঠক করে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেয়। এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক জানান, সমাজের জন্য কাজ করলে ‘সমালোচনা’ হবেই।

Advertisement

গত মঙ্গলবার দুপুরে আচমকাই ইন্দাস ব্লকের কুশমুড়ি হাইস্কুলে অষ্টম শ্রেণির কক্ষে হাজির হন বিধায়ক নির্মল। ওই ক্লাসে তখন গোলকবিহারী বন্দ্যোপাধ্যায় নামে এক শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানোর অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। আরও অভিযোগ, পড়ুয়াদের সামনেই শিক্ষককে ‘অসম্মানজনক’ কথাবার্তা বলেন বিধায়ক।

ইন্দাস থানায় অভিযোগ দায়েরের পর কুশমুড়ি হাইস্কুলের স্কুলের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক বিমলেন্দু সরকার বলেন, ‘‘সেদিনের ঘটনায় স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের ভীতি তৈরি হয়েছে। সেই ভীতি কাটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছি আমরা।’’

Advertisement

স্কুল কর্তৃপক্ষ বিধায়কের নামে থানায় অভিযোগ দায়ের করতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি বিধায়ক নির্মল বলেন, ‘‘সমাজের পক্ষে কাজ করতে গেলে সমালোচনা হবেই।’’ তাঁর পাল্টা প্রশ্ন, ‘‘স্কুল ঠিক মতো চলছে কি না, এলাকার বিধায়ক হিসাবে তা দেখতে যাওয়া কি আমার অপরাধ? সাধারণ মানুষ সবই দেখতে পাচ্ছেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ ভোটবাক্সে এর জবাব দেবে।’’

তৃণমূলের ইন্দাস ব্লকের সভাপতি শেখ হামিদ বলেন, ‘‘বিধায়ক স্কুলে যেতেই পারেন। কিন্তু এ ভাবে হুট করে শিক্ষকের অনুমতি না নিয়ে সাঙ্গোপাঙ্গ, ক্যামেরাম্যান এবং নিরাপত্তারক্ষীদের নিয়ে ক্লাসে ঢুকে পড়ুয়াদের সামনেই শিক্ষককে অপমান করার মধ্যে দিয়ে বিধায়ক আসলে নিজের মূর্খতারই পরিচয় দিয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement