যুব আবাস
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর
জেলা সদর বাঁকুড়া, মুকুটমণিপুর ও শুশুনিয়ায় যুব আবাস গড়া হয়েছে অনেক আগেই। পর্যটন শহর বিষ্ণুপুরে এই দাবিও ছিল অনেকদিনের। এ বার সেই কাজ এককদম এগোল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার একগুচ্ছ পরিকল্পনার সঙ্গে শিলান্যাস করলেন বিষ্ণুপুর যুব আবাসের। বিষ্ণুপুরের বিদায়ী পুরপ্রধান তথা রাজ্যের বস্ত্র মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “আমরা পুরসভার কাছাকাছি একটি জায়গা যুব আবাস তৈরির জন্য যুব কল্যাণ দফতরের হাতে তুলে দিয়েছি। এ দিন মুখ্যমন্ত্রী রাইপুরের অনুষ্ঠান মঞ্চ থেকে তার শিলান্যাস করেছেন।” যুব কল্যাণ দফতর সূত্রে জানা গিয়েছে, এই যুব আবাসের জন্য প্রায় সাড়ে তিন কোটি টাকার বাজেট ধরা হয়েছে। দোতলার এই যুব আবাসে সভা করার জন্য একটি হল ঘরও থাকবে। বিষ্ণুপুর শহরে সরকারি ও বেসরকারি কিছু লজ থাকলেও বিশেষ করে বিষ্ণুপুর মেলা ও শীতের মরসুমে পর্যটকদের স্থান সঙ্কুলানের সমস্যা হয়। এলাকাবাসীর দাবি, যুব আবাসের নির্মাণ কাজ শেষ হলে সেই সমস্যা কিছুটা হলেও দূর হবে।
ট্রাকের ধাক্কায় মৃত্যু শিক্ষিকার
নিজস্ব সংবাদদাতা • লাভপুর ও রামপুরহাট
স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক শিক্ষিকার। মঙ্গলবার দুপুর সওয়া ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে লাভপুরের লাঘাটা তেমাথার মোড়ে, সিউড়ি-কাটোয়া সড়কে। পুলিশ জানায়, মৃতার নাম দেবিকা রায়চৌধুরী (২৫)। বাড়ি লাভপুরের পশ্চিম কাদিপুর গ্রামে। তিনি স্থানীয় একটি বেসরকারি স্কুলের শিক্ষাকা ছিলেন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন স্কুল ছুটির পর নিজের স্কুটিতে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় পিছন থেকে আসা একটি ট্রাক তাঁকে পিষে দিয়ে চলে যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পলাতক। অন্য দিকে, এ দিন রামপুরহাট থানার বড়শাল গ্রামের ভিতর রামপুরহাট–সাঁইথিয়া রাস্তায় দু’টি গাড়ির মুখোমুখি ধাক্কায় ৯ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে সাত জন রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। আহতেরা হাওড়ার বাসিন্দা। তাঁরা তারাপীঠে বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন।
প্রতারণার নালিশ, বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার
গেট আগলে চলছে অবস্থান-বিক্ষোভ। — নিজস্ব চিত্র।
এলাকার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে সরব হল পড়ুয়ারা। ওই অভিযোগে, ভর্তির সময়ে নেওয়া ‘সিক্যুরিটি মানি’ অবিলম্বে ফেরানোর দাবিতে, অবস্থান ও বিক্ষোভ করল তারা। প্রতিষ্ঠানের প্রধান গেট আগলে রেখে কর্মকর্তাদের আটকে রাখে তাঁরা। পরে অবশ্য, পুলিশের মধ্যস্থতায় বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে, তাঁরা অবস্থান বিক্ষোভ তুলে নেয়। প্রতিষ্ঠানের পক্ষে কর্মসচিব অমিতাভ চৌধুরী বলেন, “ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা চলছে। আশা করি সব মিটে যাবে।’’
নিখোঁজ ছাত্র
নিজস্ব সংবাদদাতা • পাড়া
বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছে এক স্কুলছাত্র। রবিবার সকাল থেকে খোঁজ মিলছে না পুরুলিয়ার পাড়া থানার সড়বেড়িয়া গ্রামের ওই ছাত্র সুজিত মাহাতোর। বছর পনেরোর সুজিত এলাকারই ভাঁওরিডি হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র। সুজিতের বাবা, পেশায় দিনমজুর সদানন্দ মাহাতো বলেন, ‘বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কিন্তু কোথাও ছেলেও সন্ধান পাইনি” সোমবার সন্ধ্যায় পাড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন সদানন্দবাবু। পুলিশ জানিয়েছে, নিখোঁজের ছবি-সহ প্রয়োজনীয় তথ্য বিভিন্ন থানায় পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
লাইনে দেহ
নিজস্ব সংবাদদাতা • পাড়া
রেললাইন থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। পুলিশ জানিয়েছে, মৃত কৃষ্ণপদ মাহাতোর (৪৩) বাড়ি পাড়া থানার চিতড়া গ্রামে। সোমবার সন্ধ্যায় আদ্রা-গোমো শাখার শাঁকা ও রুকনি স্টেশনের মাঝে পাড়া থানার কেটলাপুর গ্রামের অদূরে দুর্ঘটনাটি ঘটে। খবর যায় রেলপুলিশের কাছে। পরে রেললাইন থেকে তাঁর দেহ উদ্ধার করে নিেয় যান রেল পুলিশের কর্মীরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। দেহটি ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়।
অস্বাভাবিক মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • নলহাটি
সাপের ছোবলে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সাহাদাত চৌধুরী (৩০)। বাড়ি নলহাটি থানার সুকরাবাদ এলাকায়। অন্য দিকে, ওই থানার আকালীপুর গ্রামে মোষের গুঁতোয় গদাই কোনাই (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর জখম হয়েছিলেন। হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
থানার ভবন উদ্বোধন
বোরো থানার নতুন ভবন উদ্বোধন হল মঙ্গলবার। কয়েক বছর আগে জঙ্গলমহল এলাকায় থানাগুলির আধুনীকিকরণের জন্য বিশেষ আর্থিক প্রকল্প নেওয়া হয়। তাতেই নতুন ভবন পেল বোরো থানা। প্রায় দেড় মাস আগে ভবনের কাজ শেষ হয়। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোতলার এই থানা তৈরি করতে প্রায় দু’কোটি টাকা খরচ হয়েছে। ২০১৩ সালের অক্টোবর মাস থেকে কাজ শুরু হয়েছিল। জেলা প্রশাসনের এক শীর্ষ কর্তা বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে দিয়ে এই ভবন উদ্বোধনের পরিকল্পনা ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে এ দিন এই ভবনের উদ্ধোধন করা হল।’’ দোতলা ভবনে মহিলা হাজত, ব্যারাক ও হলঘর প্রভৃতি রয়েছে। এ দিন পুলিশ সুপার রূপেশ কুমার আনুষ্ঠানিক ভাবে ভবনের ফলক উন্মোচন করেন।
ঘোলা জলে। ময়ূরেশ্বরের কালীকাপুর গ্রামে মাছ ধরার ছবিটি তুলেছেন অনির্বাণ সেন।