কয়েক জ্যারিকেন রেশনের কেরোসিন-সহ এক ব্যক্তিকে আটকে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামের বাসিন্দারা। সোমবার ভোরে কাশীপুর থানা এলাকার মুদিডি গ্রামের ঘটনা। প্রদীপ মণ্ডল নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রামের বাসিন্দাদের দাবি, সোমবার ভোর প্রায় ৪টে নাগাদ গ্রামের রাস্তায় এক ব্যক্তিকে কেরোসিনের জ্যারিকেন সাইকেলে চাপিয়ে নিয়ে যেতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন মাহাতো, প্রফুল্ল মাহাতো, সেকেন্দার আনসারিরা বলেন, ‘‘ওই ব্যক্তি চেপে ধরতেই স্বীকার করেন রেশন ডিলারের থেকে কেরোসিন নিয়েছেন।’’ গ্রামের মাধব মাহাতো বলেন, ‘‘আমাদের ছেলেদের সামনে মাধ্যমিক পরীক্ষা। লোডশেডিং-এর জন্য কেরোসিন খুব দরকার হচ্ছে। কিন্তু বরাদ্দের চেয়েও কম পাচ্ছি।’’ তবে ওই গ্রামের রেশন ডিলার সুধীর মাহাতোর দাবি, সাইকেলে চাপিয়ে যে কেরোসিন নিয়ে যাওয়া হচ্ছিল তা তাঁর দোকানের নয়। গ্রাহকদের একাংশের অভিযোগ উড়িয়ে তাঁর দাবি, যতটা কেরোসিন আসে সেই মতো তিনি বিলি করেন।
আগরডি-চিতরা গ্রামপঞ্চায়েতের প্রধান শ্রাবন্তী হাঁসদা বলেন, ‘‘ডিলারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পুলিশ তদন্ত করে দেখুক।’’ বিধি মোতাবেক ব্যবস্থা হবে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া। খোঁজ নেওয়ার আশ্বাস দেন ব্লক খাদ্য পরিদর্শক সন্দীপ পাত্র।