এখনও ভরসা মাটির রাস্তা, ক্ষোভ পুনুরে

পিচ রাস্তা থেকে দূরত্ব মেরেকেটে পাঁচশো মিটার। অতটুকু রাস্তা এখনও কাঁচা থেকে যাওয়ায় স্কুল পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দা, সকলকেই অন্তত দু’কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। নিজেদের দুর্ভোগের কথা বারেবারে পঞ্চায়েতকে জানিয়েও কাজ না হওয়ায় এ বার বিডিও-র দ্বারস্থ হতে চলেছেন সাঁইথিয়া দেরিয়াপুর এলাকার পুনুর গ্রামের বাসিন্দারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ০০:৩৯
Share:

পিচ রাস্তা থেকে দূরত্ব মেরেকেটে পাঁচশো মিটার। অতটুকু রাস্তা এখনও কাঁচা থেকে যাওয়ায় স্কুল পড়ুয়া থেকে স্থানীয় বাসিন্দা, সকলকেই অন্তত দু’কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। নিজেদের দুর্ভোগের কথা বারেবারে পঞ্চায়েতকে জানিয়েও কাজ না হওয়ায় এ বার বিডিও-র দ্বারস্থ হতে চলেছেন সাঁইথিয়া দেরিয়াপুর এলাকার পুনুর গ্রামের বাসিন্দারা।

Advertisement

পুনুর গ্রামের ওই রাস্তা পাকা করার দাবি দীর্ঘ দিনের। পঞ্চায়েতের তরফে বহুবার আশ্বাস দিলেও কাজ না হওয়ায় এলাকায় ক্ষোভও রয়েছে। পঞ্চায়েত ও স্থানীয় সূত্রে জানা যায়, সাঁইথিয়া-মহম্মদবাজার রাজ্য সড়কের দৈকোটা বাস স্টপেজ থেকে সামান্য গেলেই পড়ে পুনুর গ্রামে যাওয়ার ওই রাস্তা। গ্রামবাসীর দাবি, ওই আধ কিলোমিটার রাস্তায় কোনও দিন মোরামও পড়েনি। বছরের অন্য সময় ওই রাস্তা দিয়ে কোনওক্রমে যাতায়াত করলেও বর্ষায় একেবারেই চলা যায় না। গ্রামের লোকজন বাধ্য হয়ে প্রায় দু’কিলোমিটার ঘুর পথে যাতায়াত করেন।

এই পরিস্থিতিতে ওই রাস্তাটুকু পাকা করার জন্যে স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রধান— সকলের কাছে আবেদন জানানো হয়েছিল। ওইটুকুই। কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। স্থানীয়েরা এ বার বিডিও-র দ্বারস্থ হতে চান। গ্রামের বাসিন্দা বেচারাম মণ্ডল, বিমান সাহা, উজ্জ্বল মণ্ডলেরা বলেন, ‘‘ওই রাস্তার কাছেই গ্রামের প্রাইমারি স্কুল। ঘুরপথ এড়াতে অনেক পড়ুয়ারাও ওই পথ দিয়েই স্কুলে যাতায়াত করে।’’ ওই এলাকায় বগা পঞ্চমি উপলক্ষে ধুমধাম করে মনসাপুজো হয়, মেলা বসে। স্থানীয় পঞ্চায়েত সদস্য পতিতপাবন বাগদি মানছেন, রাস্তাটুকু সংস্কার হলে বহু মানুষ উপকৃত হবেন। তা হলে সংস্কার হচ্ছে না কেন? পতিতপাবনের কথায়, ‘‘রাস্তার ব্যাপারে ইতিমধ্যে পঞ্চায়েতে আলোচনা হয়েছে। কাজ শুরু হবে।’’ প্রধান লক্ষ্মী হাঁসদাও প্রতিশ্রুতি দিয়েছেন, ‘‘ওই রাস্তা দ্রুত সংস্কার করা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement