পুলিশের উপর হামলার অভিযোগে বীরভূমের সিউড়িতে গ্রেফতার ১৪ জন। —ফাইল চিত্র।
বিবাদ মেটাতে গিয়ে বীরভূমে আক্রান্ত হল পুলিশ। হাসপাতালে ভর্তি রয়েছেন বীরভূমের সিউড়ি থানার আইসি এবং আরও এক পুলিশকর্মী। হামলায় জখম হয়েছেন আরও বেশ কয়েকজন পুলিশকর্মী। তবে তাঁদের আঘাত গুরুতর নয়। বুধবার রাতের ওই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানা এলাকার কাখুরিয়া গ্রামে। সেখানে স্থানীয় কিছু সমস্যা নিয়ে বিবাদ চলছিল ওই গ্রামে। সেই ঘটনাকে কেন্দ্র করেই গোলমালের সূত্রপাত হয়। গোলমালের খবর যায় থানাতেও। সিউড়ি থানার আইসি তখন ঘটনাস্থলের কাছেই ছিলেন। তিনিই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছোনোর পর পরিস্থিতি আরও তপ্ত হয়ে ওঠে। এক দল লোক পুলিশকর্মীদের উপর চড়াও হয় বলে অভিযোগ।
তাতে জখম হন স্থানীয় থানার আইসি এবং তাঁর সঙ্গে থাকা এক পুলিশকর্মী। হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছোন বীরভূমের পুলিশ সুপার সূর্যকুমার যাদব। ঘটনাস্থলে পৌঁছোন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও। বীরভূমের পুলিশ সুপার জানান, আইসি-সহ দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আরও কয়েক জন পুলিশকর্মী জখম হয়েছেন। তবে তাঁদের আঘাত হাসপাতালে ভর্তি করানোর মতো গুরুতর নয়। ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। বাকি অভিযুক্তদেরও খোঁজ চলছে। দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে।