ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ডায়ালিসিস ইউনিট— এই সমস্ত পরিষেবা চালু হওয়ার পর এ বারে রামপুরহাট হাসপাতালে যাতে এমআরআই পরিষেবা চালু হয়, তার জন্য প্রস্তাব দিল রামপুরহাট হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার সকালে আচমকা রামপুরহাট পরিদর্শনে যান মন্ত্রী তথা হাসপাতালের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। সেই সময় হাসপাতালের বিভিন্ন কর্মীরা মন্ত্রীকে কাছে পেয়ে হাসপাতালে এমআরআই পরিষেবা চালু করার জন্য মৌখিক ভাবে দাবি রাখেন। মন্ত্রীর সঙ্গে ছিলেন হাসপাতাল সুপার সুবোধ কুমার মণ্ডল এবং অন্যান্য আধিকারিকরা। এমআরআই পরিষেবা চালু করার জন্য প্রস্তাব আকারে জানাতে নির্দেশ দেন মন্ত্রী হাসপাতাল সুপারকে। আশিসবাবু বলেন, ‘‘আচমকা পরিদর্শনে এসে কোনও রোগীর কাছ থেকে বা রোগীর আত্মীয় পরিজনদের কাছ থেকে কোনও অভিযোগ পায়নি। এমআরআই চালু করার ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রস্তাব আকারে দিতে বলেছি।’’