TMC Clash in Birbhum

কেষ্ট বনাম কাজল গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত সিউড়ি, উন্নয়ন নিয়ে প্রশ্নে বোমাবাজি, ভাঙচুর! ভোটের মুখে কোন্দল তৃণমূলে

স্থানীয় সূত্রে খবর, গন্ডগোলের সূত্রপাত একটি পয়ঃপ্রণালী তৈরি নিয়ে। স্থানীয়দের দাবি, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি থেকে এলাকার পয়ঃপ্রণালীর কাজ শুরু হয়। কিন্তু লক্ষ টাকার কাজে খরচ হচ্ছে মাত্র ২৫-৩০ হাজার টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৫
Share:

(বাঁ দিকে) অনুব্রত মণ্ডল। (ডান দিকে) কাজল শেখ। —ফাইল চিত্র।

সামনেই বিধানসভা ভোট। কিন্তু বীরভূম জেলায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল থামছে না। সিউড়িতে শাসকদলের দুই পক্ষের গন্ডগোলে উত্তপ্ত এলাকা। বাড়ি ভাঙচুর থেকে বোমাবাজির অভিযোগ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, গন্ডগোলের সূত্রপাত একটি পয়ঃপ্রণালী তৈরি নিয়ে। স্থানীয়দের দাবি, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি থেকে এলাকার পয়ঃপ্রণালীর কাজ শুরু হয়। কিন্তু লক্ষ টাকার কাজে খরচ হচ্ছে মাত্র ২৫-৩০ হাজার টাকা। ওই নিয়ে তৃণমূলের একাংশ স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্যের দিকে আঙুল তোলেন। সেখান থেকে কোন্দল শুরু হয়।

অভিযোগ, তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের অনুগামীদের মধ্যে অশান্তিতে বাড়ি ভাঙচুর থেকে বোমাবাজি হয়। অনুব্রতের গোষ্ঠীর অভিযোগ, পয়ঃপ্রণালীর কাজ নিম্নমানের হচ্ছিল। এই অভিযোগ করার কারণে কাজলের ঘনিষ্ঠ নুরুল ইসলামের লোকজন এলাকায় তাণ্ডব চালিয়েছে।

Advertisement

পাল্টা নুরুল ইসলামের লোকজন দাবি করছেন, সরকারি কাজে যে অর্থ ব্যয় হচ্ছে, সেখান থেকে ‘কাটমানি’ চেয়েছিলেন কেষ্টর ঘনিষ্ঠ কয়েক জন। তা না-দেওয়ায় মিথ্যা অভিযোগ করে গন্ডগোল করা হচ্ছে।

সিউড়ি-২ ব্লকের হারাইপুর গ্রামের এই গন্ডগোলে শোরগোল এলাকায়। তবে কোনও নেতাই এ নিয়েই মুখ খোলেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement