Purulia Murder Case

ত্রিকোণ প্রেমের জেরে খুন যুবক! পুরুলিয়ার গ্রামে বিক্ষোভ গ্রামবাসীদের, পরিস্থিতি সামলাতে বেগ পেল পুলিশ

স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার বিষ্ণু মাহাতো নামে ২৬ বছরের যুবকের খোঁজ পাচ্ছিল না পরিবার। শুক্রবার সকালে একটি পুকুরের ধারে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ১৬:৫০
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ ছিলেন। পরের দিন সকালে পুকুরের ঘারে যুবকের গলা কাটা দেহ উদ্ধার হয়। রবিবার সেই খুনের ঘটনা নিয়ে উত্তপ্ত পুরুলিয়ার গ্রাম। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে রাস্তায় নামলেন পুরুলিয়ার কোটশিলা থানার জাহারহাতু গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি সামলাতে বেগ পেতে হল পুলিশকে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার বিষ্ণু মাহাতো নামে ২৬ বছরের যুবকের খোঁজ পাচ্ছিল না পরিবার। শুক্রবার সকালে একটি পুকুরের ধারে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাক্রমে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতারও করে পুলিশ।

পুলিশের একটি সূত্রে খবর, ধৃতের নাম সুরথচন্দ্র মাহাতো। তাঁর স্ত্রীর সঙ্গে বিষ্ণুর প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ওই কারণেই খুন কি না, খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

কিন্তু মৃতের পরিবার তথা গ্রামবাসীদের একাংশের দাবি, বিষ্ণুকে হত্যা করে দেহ ফেলে দেওয়ার কাজ কেউ একা হাতে করেননি। একাধিক ব্যক্তি এই অপরাধে জড়িত। তাঁদের প্রত্যেককে দ্রুত গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। রবিবার এই দাবি তুলে গ্রামের একটি জায়গায় জমায়েত করেন সকলে। সেখান থেকে শুরু হয় মিছিল। ওই বিক্ষোভের মধ্যে পুলিশবাহিনী উপস্থিত হয় ঘটনাস্থলে। গ্রামবাসীদের শান্ত করার জন্য তাঁদের সঙ্গে কথা বলতে যান জয়পুর বিধানসভার ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চার প্রার্থী দিবজ্যোতি প্রসাদ সিংহ দেও। পুলিশ গ্রামবাসীদের আশ্বস্ত করলে আপাতত পরিস্থিতি শান্ত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement