লোকজনকে পালনের জন্য ছাগল, শুয়োর দিলেই হবে না, খোঁজ নিতে হবে প্রাণীগুলোর ঠিকমতো চিকিৎসা হচ্ছে কি না। প্রাণী পালন করে লাভ হচ্ছে কি না, সে দিকেও খোঁজ নিতে হবে। শনিবার পুরুলিয়ায় একটি সংস্থার প্যাকেট বন্দি দুধ বিক্রির প্রক্রিয়ার সূচনা অনুষ্ঠানে এসে আধিকারিকদের এ ভাবেই সতর্ক করে গেলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। আধিকারিকদের উদ্দেশে মন্ত্রীর মন্তব্য, কর্মীর অভাব বলে এড়িয়ে যাওয়া হয়। কিন্তু প্রাণীগুলি যে কারণে বিলি করা হয়, তা সফল হচ্ছে কি না জানা দরকার। এরপরেই তিনি দফতরের জেলা আধিকারিকদের কাছে জানতে চান, গত আর্থিক বছরে মুরগি ছানা, ছাগল ছানা, শুয়োর কত বিলি করা হয়েছে। ঠিকমতো টিকাকরণ করা হয়েছে কি না তাও খোঁজ নেন তিনি। এর সূত্র ধরেই এ দিন সভাধিপতি সৃষ্টিধর মাহাতো বলেন, ‘‘সরকারের তরফে আমরা বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ পাচ্ছি। কিন্তু সব জায়গায় কাজ ঠিকঠাক হচ্ছে তো? আধিকারিকদের বলছি বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবেন।’’ এরপরে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতোও বলেন, ‘‘দুধের উৎপাদন বাড়াতে হবে। আর এ জন্য এই কাজে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের কী ভাবে আরও উৎসাহ দেওয়া যায় তা দেখতে হবে।