জয়ী পাঁচগ্রাম
রামপুরহাটে ক্রিকেট।
জয়কৃষ্ণপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত আট দলীয় টি-২০ নকআউট ক্রিকেট প্রতিযোগিতার তৃতীয় খেলায় বিহারের ভাগলপুর একাদশকে হারিয়ে দিল মুর্শিদাবাদের পাঁচগ্রাম একাদশ। সোমবার ব্যাট করতে নেমে ভাগলপুর ১৫ ওভারে ৭২ রান করে। জবাবে পাঁচগ্রাম ৫ উইকেট হারিয়ে ১২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। গত শনিবার থেকে রামপুরহাট থানার জয়কৃষ্ণপুরে স্বর্গীয় মহেন্দ্রনারায়ণ চৌধুরী ফুটবল ময়দানে ওই প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতার প্রথম খেলায় পাণ্ডবেশ্বর একাদশের কাছে মুরারই পরাজিত হয়। ওই খেলায় মুরারই প্রথমে ব্যাট করে ১৩.৪ ওভারে ৭১ রান তোলে। জবাবে পাণ্ডবেশ্বর ৭ উইকেটে হারিয়ে ১০.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দ্বিতীয় খেলায় রামপুরহাট আবুল কালাম আজাদ ক্লাব বিহারের গোড্ডা একাদশকে পরাজিত করে। ওই খেলায় প্রথমে ব্যাট করে আবুল কালাম আজাদ ক্লাব ১৯.৪ ওভারে ২১০ রান তোলে। জবাবে মাত্র ১২ ওভারে ৯৫ রানেই গোড্ডা একাদশের সব ক’টি উইকেট পড়ে যায়। আজ, মঙ্গলবার প্রতিযোগিতার চতুর্থ খেলায় হাওড়া একাদশ বোলপুর একাদশের মুখোমুখি হবে।
জয়ী কুমারপুর
সোমবার ময়ূরেশ্বরের লোকপাড়ায় ফুটবল প্রতিযোগিতা। ছবি: সোমনাথ মুস্তাফি
ময়ূরেশ্বরের লোকপাড়া প্রতিবাদ ক্লাব পরিচালিত ৮ দলের নকআউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল কুমারপুর বীরসা-মুন্ডা যুগ্ম ক্লাব। রবিবার স্থানীয় স্কুল মাঠে ছিল ওই প্রতিযোগিতা। পারুলিয়া তরুণ সংঘকে তারা ট্রাইবেকারে ৪/২ গোলে হারায়। পারুলিয়ার সাগর বন্দ্যোপাধ্যায় ম্যান অফ দ্য ম্যাচ এবং কুমারপুরের হৃদয় মুদি ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন। ছিলেন সংশ্লিষ্ট ময়ূরেশ্বর ২ ব্লকের বিডিও সৈয়দ মাসুদুর রহমান, স্থানীয় ঢেকা পঞ্চায়েতের প্রধান মিঠু গড়াই প্রমুখ। ক্লাবের সম্পাদক কেশব ভাণ্ডারী বলেন, “উইনার্স এবং রানার্স দলকে ট্রফি সহ ৫০০০ এবং ৩০০০ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।”
জিতল বাঁকুড়া
স্বামী বিবেকানন্দ স্মারক ফুটবল প্রতিযোগিতার সেমিফাইনাল খেলা শনিবার হয়েছে বিষ্ণুপুরের কৃত্তিবাস মুখার্জি উচ্চ বিদ্যালয় মাঠে। এই খেলায় বাঁকুড়া ৮-০ গোলে হারায় পুরুলিয়াকে। উদ্যোক্তা গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইন্সটিটিউট অব কালচার। রামকৃষ্ণ মিশনের প্রকাশনা বিভাগের প্রধান স্বামী দিব্যরূপানন্দ বলেন, “খেলার মাধ্যমে যুব সমাজের শরীর গঠন হয়। শরীর ভাল থাকলে মনও ভাল থাকে। স্বামী বিবেকানন্দের এই ভাবনাকে সামনে রেখেই রাজ্য জুড়েই এই প্রতিযোগিতার আয়োজন।” তিনি জানান, এই প্রতিযোগিতা থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের ভবিষ্যতে অনুশীলনের জন্য স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করা হবে।
নতুন দায়িত্ব
অনূর্ধ্ব ১৯ বাংলা মহিলা স্কুল ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব পেলেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের শারীর শিক্ষা বিষয়ের শিক্ষক অশোক ঘোষাল। রবিবার থেকে গোয়ার মারগাঁওতে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৯ মহিলা স্কুল ফুটবল প্রতিযোগিতা। সেখানে বাংলা স্কুল দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন অশোকবাবু। তিনি জানিয়েছেন, গত অক্টোবর মাসে হুগলির ভদ্রেশ্বরে বসেছিল আন্তঃরাজ্য মহিলা স্কুল ফুটবল প্রতিযোগিতার আসর। সেই আসরে বিদ্যালয় ক্রীড়া সংসদের পক্ষ থেকে তিনি নির্বাচক হিসেবে উপস্থিত ছিলেন।
রাজ্যে দ্বিতীয় ঋষভ
৬০তম রাজ্যস্তরের বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় হল বিষ্ণুপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ঋষভ বন্দ্যোপাধ্যায়। গত ১০ থেকে ১২ ডিসেম্বর প্রতিযোগিতাটি হয় কোচবিহার স্টেডিয়ামে। এর আগেও জেলা এবং রাজ্যস্তরের প্রতিযোগিতায় সাফল্য পেয়েছে ঋষভ। স্বভাবতই খুশি স্কুলের পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা সকলেই।
ক্যারাটে শিবির
বাঁকুড়া জেলা তাইকোন্ড অ্যাসোসিয়েশনের ক্যারাটে পরীক্ষা সম্প্রতি বাঁকুড়া জেলা স্কুলের মাঠে হয়েছে। প্রায় ৬০ জন ছাত্রছাত্রী যোগ দিয়েছিল। সংগঠনের সম্পাদক বিশ্বনাথ দাস বলেন, “পরীক্ষার মাধ্যমে পড়ুয়াদের গ্রিন, ইয়েলো ও ব্লু বেল্ট দেওয়া হয়েছে।”
দৌড় প্রতিযোগিতা
পুরুষদের ৭ কিলোমিটার ও মহিলাদের ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়ে গেল বিষ্ণুপুরে। ২৩ ডিসেম্বর এই প্রতিযোগিতার আয়োজন করেছিল জি.বি ক্লাব। যোগ দেয় প্রায় ২০০ প্রতিযোগী। ১০ জনকে পুরস্কৃত করা হয়।