দুর্নীতির নালিশ পেয়ে চেকড্যাম পরিদর্শন
নিজস্ব সংবাদদাতা • গঙ্গাজলঘাটি
গঙ্গাজলঘাটির সেই চেকড্যাম দেখছে প্রতিনিধিদল।—নিজস্ব চিত্র।
চেকড্যামের কাজে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন বাঁকুড়া জেলা পরিষদের এক তৃণমূল সদস্যা। ওই অভিযোগের ভিত্তিতে সোমবার গঙ্গাজলঘাটির দেউলি গ্রামের ঝরিয়া চেকড্যাম পুনরায় পরিমাপ করল জেলা প্রশাসন। গঙ্গাজলঘাটির বিডিও মলয় চট্টোপাধ্যায়-সহ চার জনের প্রতিনিধিদল চেকড্যামের পরিমাপ খতিয়ে দেখেন। বিডিও বলেন, “নতুন করে পরিমাপ করা হয়েছে। তবে এবিষয়ে এখনও রিপোর্ট তৈরি হয়নি। আগের পরিমাপের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে।” উদ্যানপালন দফতরের বরাদ্দ টাকায় ঝরিয়া জোড়ের উপরে চেকড্যাম বানানোর কাজ শুরু করে তৃণমূল পরিচালিত গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতি। সম্প্রতি সেই কাজ শেষ হয়েছে। এই কাজে দুর্নীতি হয়েছে অভিযোগ তুলে তৃণমূলের জেলা পরিষদ সদস্য মঙ্গলা মাজি বিডিও-র কাছে পুনরায় চেকড্যামের কাজ পরিমাপ করার দাবি জানান। ঘটনাটিকে ঘিরে শাসক দলের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে আসে এই ব্লকে। গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কারিগরি কর্মাধ্যক্ষ সোমা বাজপেয়ীর অবশ্য দাবি, “মঙ্গলাদেবী কিছু বদ লোকের প্ররোচনাতেই আমাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। তবে আমাদের কাজে কোনও দুর্নীতি যে হয়নি, শীঘ্রই তা প্রমাণিত হবে।” মঙ্গলাদেবীর পাল্টা বক্তব্য, “ওই চেকড্যামের বরাদ্দ টাকায় সঠিক কাজ হয়নি বলে স্থানীয় লোকজনই অভিযোগ করেছিলেন। সাধারণ মানুষের কাছে সত্য তুলে ধরতেই বিডিও-কে পুনরায় পরিমাপের আবেদন জানিয়েছিলাম।”
ফের ট্রাকের চাকা চুরি
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া
বিষ্ণুপুরের পর এ বার বড়জোড়া। চলতি মাসে পরপর তিনবার ট্রাকের চাকা চুরির ঘটনা ঘটল বাঁকুড়ায়। সোমবার রাতে বড়জোড়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাঁচটি ট্রাকের দশটি চাকা ও পাঁচটি ব্যাটারি দুষ্কৃতীরা চুরি করে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে দুর্গাপুর-বাঁকুড়া ৯ নম্বর রাজ্য সড়কে সাময়িক পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ট্রাকের মালিকেরা স্থানীয় থানায় অভিযোগও দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, বড়জোড়ার একটি ওয়েব্রিজের কাছে গ্যারাজের বাইরে রাতে বেশ কিছু লরি-ট্রাক দাঁড়িয়ে থাকে। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন লক্ষ করেন, পাঁচটি ট্রাকের পিছনের দু’টি করে চাকা ও ব্যাটারি নেই। খবর পেয়ে ছুটে আসেন গাড়ির মালিকেরা। এলাকায় হইচই পড়ে যায়। গাড়ির মালিক নন্দ পাল, তপন বড়ু, প্রদীপ ঘোষেরা জানাচ্ছেন, সব মিলিয়ে পাঁচটি গাড়ি থেকে চুরি যাওয়া চাকা ও ব্যাটারির মূল্য লক্ষাধিক টাকার। তাঁরা বলেন, “দীর্ঘদিন ধরেই এখানে আমাদের গাড়ি থাকে। তবে এ রকম ঘটনা আগে ঘটেনি।” দোষীদের ধরার দাবিতে পথ অবরোধ করা হয়। সম্প্রতি বিষ্ণুপুরের বাইপাস ও দ্বারিকা এলাকার দু’টি পেট্রোল পাম্পে একই কায়দায় ট্রাকের পিছনের চাকা চুরির ঘটনা ঘটেছিল। অভিযোগ পাওয়ার পরেও পুলিশ দুষ্কৃতীদের ধরতে পারেনি। জেলা পুলিশের ডিএসপি (আইনশৃঙ্খলা) বাপ্পাদিত্য ঘোষ বলেন, “চাকা চুরির চক্র জেলায় সক্রিয় হয়েছে। তবে, আমরা তদন্ত চালাচ্ছি। শীঘ্রই দুষ্কৃতীরা আমাদের নাগালে আসবে।”
বিজেপিতে যোগদান
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর ও রামপুরহাট
বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক অব্যাহত। মঙ্গলবার দুবরাজপুরের হেতমপুরে বিজেপির সম্মেলন মঞ্চে যোগ দিলেন বেশ কিছু মানুষ। বিজেপির দাবি, এ দিন মূলত দুবরাজপুরের পারুলিয়া ও লক্ষিনারায়ণপুর পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে থেকে পাঁচশোরও বেশি পরিবার সিপিএম ও তৃণমূল ছেড়ে তাঁেদের দলে যোগ দিয়েছেন। শ্যামাপদ মুখোপাধ্যায়ের জন্মদিন পালনের পাশাপাশি বিজেপি নতুনদের স্বাগত জানাতে হেতমপুর হাটতলায় একটি মঞ্চ গড়েছিল। সেখানেই দলে আগতদের হাতে দলীয় পতাকা ধরিয়ে তাঁদের বরণ করে নেওয়া হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা কমিটির সাধারন সম্পাদক রামকৃষ্ণ রায় সহ এলাকার স্থানীয় নেতারা। সিপিএম এবং তৃণমূল নেতৃত্ব অবশ্য দাবি করেছেন, যাঁরা এ দিন দল বদল করলেন তাঁদের কেউই আমাদের দলের কর্মী সমর্থক ছিলেন না। অন্য দিকে বিজেপিতে যোগ দিলেন এবার মুরারই থানার ফবর জেলা নেতা সামসুল সেখ। মঙ্গলবার মুরারই থানার ঘুসকিরা গ্রামে এক অনুষ্ঠানে তৃণমূলের শ্রমিক সংগঠনের এক নেতা মসিবুল সেখ সহ বেশ কয়েক জন কংগ্রেস কর্মী যোগ দেন বিজেপিতে। ওই অনুষ্ঠানে এলাকার বেশ কয়েকজন সিপিএম কর্মী সমর্থকও বিজেপিতে যোগ দেন। এ দিন বিকালে মাড়্গ্রাম থানার বুধিগ্রামে এক অনুষ্ঠানে রামভদ্রপুর, বারমল্লিকা, কাশিপুর এলাকা থেকেও সিপিএম, কংগ্রেস, তৃণমূল ছেড়ে শতাধিক ব্যক্তি বিজেপিতে যোগ দেন।
ছাতনার পঞ্চায়েতে দুর্নীতির নালিশ
নিজস্ব সংবাদদাতা • ছাতনা
একশো দিনের প্রকল্পে রাস্তা সংস্কারের কাজে ভুয়ো শ্রমিকের নামে টাকা তোলার অভিযোগ উঠল ছাতনার শালডিহা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। সম্প্রতি এই পঞ্চায়েতের শালডিহা উপ-স্বাস্থ্যকেন্দ্র থেকে বড়গোড়িয়া জোড়ঘাট পর্যন্ত রাস্তায় মোরাম ফেলার কাজ শেষ হয়। কিন্তু, সেই কাজে বেশ কিছু ভুয়ো শ্রমিকের নামে টাকা তোলা হয়েছে দাবি করে সোমবার বাঁকুড়ার জেলাশাসকের দফতরে লিখিত অভিযোগ জানিয়েছে সিপিএম। অভিযোগকারী সিপিএমের কমলপুর লোকাল কমিটির সম্পাদক সিদ্ধেশ্বর মুখোপাধ্যায় বলেন, “এই প্রকল্পের কাজে মোট ১৫ জন ভুয়ো শ্রমিক, যাঁদের মধ্যে কয়েক জন মৃত অথবা বাইরে কর্মরত, তাঁদের নামে টাকা তোলা হয়েছে। এঁরা আদৌ কাজ করেননি। তা ছাড়া, প্রকল্পে যে পরিমাণ মোরাম রাস্তা সংস্কারে ব্যবহার করার নির্দেশ ছিল, তার চেয়ে কম মোরাম ফেলা হয়েছে। এর ফলে কাজের গুণগত মানও খারাপ হয়েছে।” তাঁর অভিযোগ, তৃণমূল পরিচালিত শালডিহা পঞ্চায়েতে একশো দিনের প্রকল্পের টাকা তছরুপ করা হচ্ছে। জেলা প্রশাসন তাঁর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। উল্লেখ্য, শালডিহা পঞ্চায়েতের বিরুদ্ধে সম্প্রতি একাধিক বার একশো দিনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। যদিও পঞ্চায়েতের তৃণমূল প্রধান টেলু করের দাবি, কোনও ক্ষেত্রেই পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়নি। উন্নয়নের কাজ থমকে দিতেই বিরোধীরা চক্রান্ত করছে।
পুকুর খুঁড়ে কলসি
নিজস্ব সংবাদদাতা • পাত্রসায়র
দিঘি সংস্কারের সময় উদ্ধার হওয়া কলসি।—নিজস্ব চিত্র।
পাত্রসায়রের ডান্না দিঘি সংস্কারের কাজে মাটি খুঁড়ে মিলল একটি পাথরের কলসি। পাত্রসায়রের বিডিও অপূর্বকুমার বিশ্বাস বলেন, “১০০ দিন কাজের প্রকল্পে ওই দিঘির সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ হচ্ছে। সোমবার ওই দিঘি থেকে প্রায় দেড় ফুট লম্বা একটি পাথরের কলসি উদ্ধার হয়েছে। কলসির মুখ বন্ধ। আপাতত সেটি ব্লক অফিসে রাখা। পুরাতত্ত্ব দফতরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।” পাত্রসায়র পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুচাঁদ দাস বলেন, “বহু বছর পূর্বে ওই দিঘির পাড়ে সতী মন্দির ছিল বলে জনশ্রুতি আছে। দীর্ঘদিন ধরে মাটির তলায় চাপা পড়ে কলসির চারপাশে মোরামের আস্তরণ পড়ে গিয়েছে। উদ্ধার হওয়া কলসিটি প্রাচীন যুগের নিদর্শন বলেই অনুমান করা হচ্ছে।”
চালু আইনি সহায়তা কেন্দ্র
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর
রঘুনাথপুরের চারটি গ্রাম পঞ্চায়েতে শুরু হল বিনামূল্যে আইনি সহায়তা পরিষেবা কেন্দ্র। মঙ্গলবার রঘুনাথপুর ১ ও ২ ব্লক এবং নিতুড়িয়ার খাজুরা, বেড়ো, বড়রা ও রায়বাঁধ পঞ্চায়েতে ওই কেন্দ্রগুলি শুরু হয়েছে। এ দিন উপস্থিত ছিলেন পুরুলিয়ার জেলা আইনি পরিষেবা সমিতির সচিব রোহন সিংহ এবং রঘুনাথপুর মহকুমা আইনি পরিষেবা সমিতির চেয়ারম্যান তথা রঘুনাথপুর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক নন্দন দেববর্মন। পঞ্চায়েত স্তরে আইনি পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই কেন্দ্রগুলি শুরু করা হয়েছে। কেন্দ্রগুলিতে থাকবেন এক জন করে আইনজীবী ও পার্শ্ব আইনি স্বেচ্ছাসেবক। যাঁদের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম, তাঁদের আইনি সহায়তা দেবেন এই আইনজীবী ও স্বেচ্ছাসেবকেরা। মূলত আইনি পরামর্শ দেওয়া বা আদালতে মামলা করার ব্যাপারে সাহায্য করা হবে এই কেন্দ্রগুলির মাধ্যমে।
কোর্টে কর্মবিরতি
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর
ব্যারাকপুর এসিজেএম আদালতের বার অ্যাসোসিয়শনের সভাপতি রবীন ভট্টাচার্যের উপরে দুষ্কৃতী হামলার প্রতিবাদে মঙ্গলবার কর্মবিরতি পালন করলেন পুরুলিয়া ও রঘুনাথপুর আদালতের আইনজীবীরা। পুরুলিয়া বার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস মাহাতো এবং রঘুনাথপুর বারের কার্যকরী সমিতির সদস্য প্রণব দেওঘরিয়া জানান, রাজ্য বার কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা এ দিন কর্মবিরতি পালন করেছেন। কয়েক দিন আগে ব্যারাকপুরে নিজের চেম্বারের মধ্যেই দুষ্কৃতীদের গুলিতে দুরুতর জখম হয়েছিলেন রবীনবাবু। সেই হামলার প্রতিবাদেই এ দিনের কর্মবিরতি।