টুকরো খবর

সিমেন্ট কারখানা গড়তে জমি দেওয়ার আড়াই দশক পরে স্থায়ী চাকরির দাবিতে অন্দোলন শুরু করলেন জমিহারাদের একাংশ। সাঁতুড়ি ব্লকের.মধুকুণ্ডায় ওই কারখানা। ১৩ জন জমিদাতা কারখানার সামনে অনশনও করেছিলেন। বৃহস্পতিবর তাঁদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের উপস্থিতিতে আলোচনা করেন সাঁতুড়ির বিডিও দিব্যেন্দু শেখর দাস।

Advertisement
শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৪ ০০:৪৪
Share:

স্থায়ী কাজের দাবি সাঁতুড়িতে
নিজস্ব সংবাদদাতা • সাঁতুড়ি

Advertisement

সিমেন্ট কারখানা গড়তে জমি দেওয়ার আড়াই দশক পরে স্থায়ী চাকরির দাবিতে অন্দোলন শুরু করলেন জমিহারাদের একাংশ। সাঁতুড়ি ব্লকের.মধুকুণ্ডায় ওই কারখানা। ১৩ জন জমিদাতা কারখানার সামনে অনশনও করেছিলেন। বৃহস্পতিবর তাঁদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের উপস্থিতিতে আলোচনা করেন সাঁতুড়ির বিডিও দিব্যেন্দু শেখর দাস। বিডিও বলেন, “জমিহারাদের কর্মসংস্থানের বিষয়টি সহানুভূতির সঙ্গে কারখানা কর্তৃপক্ষকে দেখতে বলা হয়েছে।” সাঁতুড়ি ব্লকের মধুকুন্ডা রেলস্টেশনের অদূরে প্রায় আড়াই দশক আগে গড়ে ওঠে ওই সিমেন্ট কারখানাটি। বর্তমানে পাশের গ্রামগুলির বাসিন্দা তথা কিছু জমিহারা দাবি তুলেছেন, জমি নেওয়ার সময়ে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল প্রকল্পে জমিহারাদের চাকরি দেওয়া হবে। তাঁদের অভিযোগ, “১৫০ জন জমিহারার মধ্যে মাত্র ৩৩ জনকে চাকরি দেওয়া হয়েছে। বাকিরা বঞ্চিত।” ওই জমিহারাদের সঙ্গে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। দলের নেতা বরুন বাউরি বলেন, “প্রশাসনের আশ্বাস সত্ত্বেও জমিহারাদের বেশিরভাগের কর্মসংস্থান হয়নি কারখানায়।” কারখানা কর্তৃপক্ষের পাল্টা দাবি, ১৯৯০ সালে প্রশাসনের সঙ্গে আলোচনার পরেই সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত নিয়ে ৩৩ জনের চাকরি হয়। কারখানার চিফ ম্যানেজার (এইচ আর) গোবিন্দ সরকার বলেন, “যে ১৩ জন চাকরির দাবি করছেন, প্রশাসনের সঙ্গে আলোচনা তাঁদের আট বছর আগে কারখানায় ঠিকা শ্রমিকের কাজ দেওয়া হয়েছে। এখন আবার তাঁরা স্থায়ী চাকরির দাবি করছেন। কারখানার বর্তমান যে অবস্থায় চলছে, তাতে তাঁদের স্থায়ী ভাবে নিয়োগ অসম্ভব।”

Advertisement

পানীয় জলের সমস্যা মুরারইয়ে
নিজস্ব সংবাদদাতা • মুরারই

পরিশ্রুত পানীয় জল প্রকল্পে মুরারই বাজার, মুরারই সহিদুল্লাপল্লি, ইন্দিরাপল্লি, ভাদিশ্বর, হাজরাপাড়া, ধিতোড়া এলাকার মানুষ রাস্তার ধারে স্ট্যান্ড পয়েন্ট থেকে জল পাচ্ছেন না। এলাকাবাসীর অভিযোগ, এই সমস্যা দীর্ঘদিনের। কার্যত মুরারইয়ে পরিস্রুত পানীয় জল প্রকল্পের শুরু থেকে অধিকাংশ এলাকাবাসী বেআইনী ভাবে পাইপ লাইন থেকে নিজেদের বাড়িতে সংযোগ করে নিয়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ পাইপলাইন থেকে ছোট পাম্প সেটের মাধ্যমে বাড়িতে বাড়িতে জল তুলে নিচ্ছেন। সেজন্য সমস্যা আরও বেড়েছে। এর ফলে অপেক্ষাকৃত গরিব এলাকার মানুষ ওই জল পাচ্ছেন না বলে এলাকাবাসীর অভিযোগ। মুরারই ১ পঞ্চায়েত সমিতির সিপিএম সদস্য উত্‌পল গঙ্গোপাধ্যায় বলেন, “মুরারই এলাকার পানীয় জল সমস্যা সমাধানে পঞ্চায়েত সমিতির তরফ থেকে সর্বদলীয় বৈঠক করা হয়েছিল। তাতে সিদ্ধান্ত হয় নতুন আর একটি রিজার্ভার তৈরি করা হবে। কিন্তু এখনও তা কার্যকর হয়নি।” মুরারই ১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধীমান সাহার যুক্তি, “অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে এলাকাবাসীর বিপক্ষে যেতে হবে। এক্ষেত্রে আগে থেকে কঠোর হওয়া উচিত ছিল। দেখা যাক নতুন ভাবে ভাদিশ্বর এবং গোপালপুর এলাকার জন্য দু’টি প্রকল্প পাঠানো হয়েছে। দেখা যাক কী হয়।”

Advertisement

ব্যাঙ্ক সমস্যা মিটবে কবে, উঠছে প্রশ্ন
নিজস্ব সংবাদদাতা • নলহাটি

ব্যাঙ্ক না খোলায় নলহাটি এলাকার পাথরশিল্প, শহর এবং গ্রামাঞ্চলে বড়, মাঝারি, ক্ষুদ্র ব্যবসা মার খাচ্ছে। বিভিন্ন ঠিকাদাররা তাদের ব্যবসা সূত্রেপ্রাপ্ত বিভিন্ন চেক নির্দিষ্ট জায়গায় জমা দিলেও পর প্রায় দেড় মাস ধরে ব্যাঙ্ক বন্ধ থাকার তাঁরা টাকা তুলতে পারছেন না। এই অবস্থা থেকে মুক্তি দিতে বীরভূম জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের নলহাটি শাখা অবিলম্বে খোলার দাবিতে ব্যাঙ্কের শাখা প্রবন্ধকের কাছে বুধবার স্মারকলিপি দিল নলহাটি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি তপন দত্ত, সদস্য এএফ বদিউজ্জামান বলেন, “দেড় মাস ধরে ব্যাঙ্ক বন্ধ। আমরা সাধারণ গ্রাহকেরা ব্যাঙ্কে লেনদেন করতাম। ব্যাঙ্ক পরিচালনার ত্রুটির দায় আজ আমাদেরকে নিতে হচ্ছে। আমরা চাই ব্যাঙ্ক তাড়াতাড়ি চালু করা হোক। তা না হলে এই ব্যাঙ্ক ঘিরে নানারকম আন্দোলন সংগঠিত হবে।” নলহাটি ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের দেওয়া স্মারকলিপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে বলে জানান ব্যাঙ্কের শাখা প্রবন্ধক অজয়কুমার দাস। ব্যাঙ্কের এআরসিএস সৌগত সেনগুপ্ত বলেন, “ব্যাঙ্ক খোলার ব্যাপারে সমস্ত দিক থেকে চেষ্টা চালানো হচ্ছে। দেখা যাক কী হয়।”

ইন্দাসে বিয়ে রুখল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • ইন্দাস

ফের এক নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। বাঁকুড়ার ইন্দাস ব্লকের আকুই ১ পঞ্চায়েতের ছোটগোবিন্দপুর গ্রামের ঘটনা। বৃহস্পতিবার সকালে ইন্দাসের বিডিও পুষ্পেন চট্টোপাধ্যায় পুলিশ নিয়ে গিয়ে ১৪ বছরের এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে দেন। বিডিও জানান, ওই গ্রামে নবম স্কুলছাত্রীটির বৃহস্পতিবার বিয়ে হচ্ছে বলে তাঁদের কাছে খবর আসে। এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ ব্লক ওয়েলফেয়ার আধিকারিক রবীন্দ্রনাথ দত্ত, ব্লকের মহিলা কল্যাণ আধিকারিক সুলেখা মণ্ডলকে সঙ্গে নিয়ে বিডিও ওই মেয়েটির বাড়িতে যান। বাড়িতে তখন বিয়ের তোড়জোড় চলছিল। বিডিও বলেন, “মেয়েটির বাবা ও আত্মীয়স্বজনকে বোঝানো হয় যে, কম বয়েসে বিয়ে দেওয়াটা আইনত অপরাধ। ১৮ বছর বয়সের আগে মেয়ের বিয়ে দেবেন না জানিয়ে মুচলেকাও দিয়েছেন ওর বাবা।” স্থানীয় হাইস্কুলের নবম শ্রেণিতে পড়ে মেয়েটি। বাবা পেশায় খেতমজুর। তাঁর দাবি, “স্থানীয় একটি গ্রামের এক ভাল ছেলে আমার মেয়েকে প্রায় বিনাপণে বিয়ে করতে রাজি হয়। তাই তড়িঘড়ি মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছিলাম। বিডিও বিষয়টি বুঝিয়ে বলেছেন। আমরা মেয়ের বিয়ে এখন দেব না বলে পাত্রপক্ষকে জানিয়ে দিয়েছি।” বিডিও পুষ্পেনবাবু বলেন, “মেয়েটিকে পড়াশোনার ব্যাপারে সাহায্য করা হবে।”

কোতুলপুরে মারধর, লুঠে অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার

পুকুর সংস্কারের জন্য মাটি কাটা হয়নি, অথচ তার মজুরির টাকা বিলি করা হচ্ছে। সম্প্রতি বিডিও-র কাছে এমনই অভিযোগ জানিয়েছেন বরাবাজারের শুকুরহুটু গ্রামের বাসিন্দাদের একাংশ। গ্রামবাসী উৎপল মুখোপাধ্যায়, ভজহরি মাহাতো, অমূল্যরতন দাসদের অভিযোগ, “আমাদের গ্রামের উপরবাঁধে সাম্প্রতিক বর্ষণে জল জমেছে। ফলে পুকুর সংস্কারের কাজও বন্ধ রয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানতে পেরেছি, ওই পুকুরে মাটি কাটা বাবদ মজুরির টাকা পোস্টঅফিসে এসে গিয়েছে। কয়েকজনও মজুরির টাকা পেয়েছেন। দুর্নীতি হচ্ছে সন্দেহ হওয়ায় আমরা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য বিডিও-র কাছে আর্জি জানিয়েছি।” বরাবাজারের বিডিও অনিমেষকান্তি মান্না বলেন, “বাসিন্দাদের একাংশের কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি। মঙ্গলবার যুগ্মবিডিও-সহ কয়েকজনকে পরিদর্শনে পাঠিয়েছিলাম। তাঁদের কাছ থেকে রিপোর্ট পেলে সেই মতো ব্যবস্থা নেওয়া হবে। যদি কাজ করিয়ে টাকা বিলি করা হচ্ছে, তা হলে আপাতত শ্রমিকদের টাকা দেওয়ার কাজ বন্ধ রাখার জন্য শুকুরহুটু পঞ্চায়েতের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।” পঞ্চায়েত প্রধান সন্ধ্যা ওরাং বলেন, “অসুস্থতার জন্য আমি কয়েকদিন পঞ্চায়েতে যাইনি। কী হয়েছে বুঝতে পারছি না। খোঁজ নিয়ে দেখছি।”

তালা ভেঙে চুরি বাড়িতে
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর

গৃহস্থের অনুপস্থিতির সুযোগে একটি বাড়ির দরজার তালা ভেঙে গয়না ও টাকা-পয়সা নিয়ে পালাল দুষ্কৃতীরা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে দুবরাজপুরের ১২ নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলে ও বৌমার সঙ্গে ওই ওয়ার্ডের ঈদগাহ পাড়ার বাস করেন করেন মমতাজ বিবি। তাঁদের একটি টিনের চালের বাড়ি রয়েছে। বেশ কিছুদিন আগে ঠিক তার পাশে একলাখি প্রকল্পে একটি বাড়ি তৈরি করান মমতাজ বিবিরা। একলাখি বাড়িতে বৌমা ও ছেলে থাকলেও টিনের বাড়িতেই বাস করতেন মমতাজ। ছেলে বাড়িতে না থাকায় টিনের চালের বাড়িটিতে তালা বন্ধ করে বৌমার কাছে বুধবার রাতে শুতে গিয়েছিলেন মমতাজ। তিনি বলেন, “সকালে ঘুম ভাঙার পর দেখি টিনের চালের বাড়ির দু’টি দরজার তালা ভাঙা। চুরি হয়ে গিয়েছে গয়না ও নগদ টাকা।” পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু হয়েছে।

ভূমি দফতরে তালা
নিজস্ব সংবাদদাতা • নলহাটি

ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এবং অন্য আধিকারিকদের না পেয়ে ক্ষোভে অফিসের গেটে তালা ঝুলিয়ে দিলেন বাসিন্দারা। নলহাটি ১ ব্লকের নলহাটি থানার শিউরাপাহারী গ্রামের ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তালা খুলে দেয়। বিক্ষোভকারী বাসিন্দাদের অভিযোগ, “অফিসে কর্মী থাকে না। কাজের জন্য মানুষ এসে ঘুরে যায়। আজও কাজে এসে এলাকার মানুষ সকাল ১১ টার সময় দেখেন, আধিকারিকরা কেউ নেই। অফিসে কয়েকজন কর্মী বসে আছেন। তাঁদের কাজের কথা বলতে গেলে তাঁরা বলেন, আধিকারিক নেই, কি করব।” বিএলআরও জয় রায়চৌধুরী বলেন, “আমি এক সঙ্গে দু’টি ব্লকের চার্জে আছি। আজ অফিসে তিন জন রেভিনিউ অফিসার থাকার কথা। একজন আছেন। তাঁকেও আজ অফিসের কাজে সিউড়ি যেতে হয়েছিল। সেই জন্য সমস্যা হয়েছিল। আমি অন্য ব্লকে ছিলাম।”

দলের দায়িত্ব পেলেন অরূপ
নিজস্ব সংবাদদাতা • খাতড়া

ফের বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি হলেন অরূপ খাঁ। লোকসভা নির্বাচনের পরে তৃণমূলের বাঁকুড়া জেলা কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। রাজ্যের বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে দলের জেলা চেয়ারম্যান এবং অরূপ খাঁকে আহ্বায়ক করা হলেও সভাপতি পদ ছিল শূন্য। তৃণমূল সূত্রের খবর, বুধবার তৃণমূল ভবনে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলা তৃণমূলের সভাপতি পদে পুনরায় অরূপ খাঁয়ের নাম ঘোষণা করেন। অরূপবাবু বৃহস্পতিবার বলেন, “দলনেত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা নিষ্ঠা সহকারে পালন করব। সবাইকে নিয়ে দল পরিচালনা করব।” খুব তাড়াতাড়ি দলের জেলা কমিটি ও ব্লক কমিটি গঠন করা হবে বলে জেলা তৃণমূল সূত্রের খবর।

গ্রেফতার স্বামী
নিজস্ব সংবাদদাতা • পুঞ্চা

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশ মৃতার স্বামীকে গ্রেফতার করেছে। মৃতার নাম গোলাপি শবর (২৬)। বাড়ি পুঞ্চা থানার দামোদরপুর গ্রামে। গোলাপির স্বামী সৃষ্টিধরকে পুলিশ বুধবার গ্রেফতার করেছে। মৃতার বাবা কেন্দা থানার বাবুইজোড় গ্রামের বাসিন্দা গোপাল শবরের অভিযোগ, “১১ মাস আগে সৃষ্টিধরের সঙ্গে গোলাপির বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে নানা কারণে সৃষ্টিধর আমার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করত। মঙ্গলবার রাতেও দু’জনের মধ্যে ঝগড়া হয়। এর পরেই মেয়ে বাড়িতে রাখা কীটনাশক খেয়ে নেয়।”

বিজেপির সভা
নিজস্ব সংবাদদাতা • খাতড়া

বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ আজ শুক্রবার খাতড়ায় আসছেন। খাতড়ার দাসেরমোড়ে বিজেপির তরফে একটি সভা হবে। বিজেপির বাঁকুড়া জেলা সম্পাদক অভিজিৎ দাস বলেন, “গত ২৩ জুন আমাদের মিছিলে তৃণমূল হামলা চালিয়েছিল। দাসেরমোড়ে সভার মঞ্চ ভেঙে দিয়েছিল। ওই ঘটনার প্রতিবাদে সেখানেই দলের তরফে একটি সভা করা হবে। সভায় রাহুলবাবু ছাড়াও দলের রাজ্য সহ-সভাপতি সুভাষ সরকার, জেলা সভাপতি জয়ন্ত মণ্ডল-সহ রাজ্য ও জেলা নেতৃত্ব উপস্থিত থাকবেন।”

সফরে মুখ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • বোলপুর

১০ জুলাই বোলপুরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরকালীন সুরক্ষা পরিকল্পনার দিকটি দেখতে বৃহস্পতিবার জেলা শাসক পি মোহন গাঁধি, জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া, বোলপুরের এসডিপিও সূর্য প্রতাপ যাদব এবং মহকুমা শাসক মলয় হালদার শহর ঘুরে দেখেন। তাঁরা ডাকবাংলো মাঠ এবং গীতাঞ্জলি সংস্কৃতি অঙ্গন ঘুরে দেখেন। দলীয় সূত্রের খবর, জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গে একপ্রস্থ বৈঠক করার পাশাপাশি দলীয় নেতা কর্মীদের সঙ্গে মিলিত হবেন মুখ্যমন্ত্রী। বোলপুর ডাকবাংলো মাঠে একটি জনসভা করার কথাও তাঁর।

যুবক গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • খয়রাশোল

আগ্নেয়াস্ত্র-সহ এক যুবককে গ্রেফতার করল খয়রাশোল থানার পুলিশ। একটি পাইপগান-সহ হারা খান নামে ওই যুবককে বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ খয়রাশোলের বারাবন থেকে ধরা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতের বাড়ি ওই গ্রামেই। পলিশের দাবি, সন্দেহজনক গতিবিধির জন্য তাঁকে যখন পুলিশ তাড়া করে ধরে তখনই তার কাছে ওই আগ্নেয়াস্ত্রটি মেলে। কেন অস্ত্র-সহ ঘুরছিল ওই যুবক, তদন্ত করে দেখছে পুলিশ।

দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বরাবাজার

গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। বুধবার সকালের ঘটনা। মৃতের নাম আলাউদ্দিন আনসারি (২৮)। বাড়ি বরাবাজার থানার পুড়িয়ারা গ্রামে। দুর্ঘটনাটি ঘটেছে বরাবাজার-পুরুলিয়া রাস্তায়, সতসারডি গ্রামের কাছে। পুলিশ জানায়, ওই দিন সকালে আলাউদ্দিন বাড়ি থেকে বেরিয়ে বরাবাজার যাচ্ছিলেন। সেই সময় পুরুলিয়াগামী একটি গাড়ি ধাক্কা মারলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

বাস ও গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ার। পুলিশ জানায় মৃতার নাম ঝর্ণা রায় (৫০)। বাড়ি সিউড়ি থানার কড়িধ্যা কালীকাপাড়ায়। বৃহস্পতিবার দুপুরে ময়ূরেশ্বর থানার মল্লারপুর বাহিনামোড়ে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় সাত জন জখম হন। তাঁদেরকে প্রথমে মল্লারপুরে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। সেখান থেকে আহতদের সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

বেআইনি মদ
নিজস্ব সংবাদদাতা • হিড়বাঁধ

বেআইনি ভাবে দেশি ও বিদেশি মদ মজুত করে বিক্রির অভিযোগে এক দোকানদারকে গ্রেফতার করল হিড়বাঁধ থানার পুলিশ। ধৃতের নাম মনেশ রায়। বাড়ি হিড়বাঁধের মলিয়ান গ্রামে। পুলিশের দাবি, বুধবার রাতে ওই গ্রামে মনেশের দোকানে হানা দিয়ে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় ৭০ বোতল মদ উদ্ধার হয়েছে এবং তাঁকে হাতেনাতে ধরা হয়েছে।

কংগ্রেসের মিছিল
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া

তাপস পালের মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার সাঁইথিয়ায় মিছিল করে তাঁকে গ্রেফতারের দাবিতে সরব হল কংগ্রেস। কংগ্রেস তরফে জানানো হয়েছে, শনিবার দলের রাজ্য সভাপতি অধীর চৌধুরী লাভপুরে আসছেন। ওই দিন তাপসের বিরুদ্ধে লাভপুর থানায় অভিযোগ করা হবে।

পুকুরে দেহ

পুকুর থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ মিলল পুরুলিয়া শহরে। বুধবার সকালে দুলমি বাঁধে প্রায় ৩৫ বছরের ওই যুবকের দেহ ভাসতে দেখেন এলাকার লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

বাজ পড়ে মৃত্যু

মাঠে গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল এক বৃদ্ধের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে বিষ্ণুপুর থানার মুনিনগর গ্রামে। মৃতের নাম মানিক বাউরি (৭৮)। দেহটি বিষ্ণুপুর হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement