তালিকার কী হবে, বিডিও-র কাছে জানতে চাইল সিপিএম

সরকারি কৃষি প্রকল্পের প্রাপক তালিকা নিয়ে প্রশাসনের অবস্থান জানতে চেয়ে বিডিওর দ্বারস্থ হল সিপিএম। বুধবার সিপিএমের একটি প্রতিনিধি দল বিডিও (মানবাজার ১) সত্যজিৎ বিশ্বাসের সঙ্গে দেখা করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২২
Share:

সরকারি কৃষি প্রকল্পের প্রাপক তালিকা নিয়ে প্রশাসনের অবস্থান জানতে চেয়ে বিডিওর দ্বারস্থ হল সিপিএম। বুধবার সিপিএমের একটি প্রতিনিধি দল বিডিও (মানবাজার ১) সত্যজিৎ বিশ্বাসের সঙ্গে দেখা করে।

Advertisement

সম্প্রতি কৃষি দফতরের ‘আমার ফসল, আমার গোলা’ প্রকল্পের জন্য ওই ব্লকে একটি প্রাপক তালিকা তৈরি করা হয়। সেই তালিকায় বেশ কিছু তৃণমূল নেতার নাম থাকায় বিডিও তালিকা পুনর্বিবেচনার জন্য আটকে দেন। তার পর থেকেই সেই তালিকা অনুমোদনের জন্য পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিডিওর উপর চাপ তৈরি করা হতে থাকে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে শুরু হয় জলঘোলা। গত সোমবার জেলা শাসকের নির্দেশে মহকুমা শাসক বিডিও এবং পঞ্চায়েত সমিতির প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে দু’পক্ষের মধ্যে সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দিলেও তালিকাটির কী গতি হবে তা নিয়ে স্পষ্ট কোনও সিদ্ধান্ত হয়নি।

এই পরিস্থিতিতে গত মঙ্গলবার সিপিএমের স্থানীয় নেতৃত্ব বিডিওর সঙ্গে দেখা করে তালিকাটি বাতিল করে সংশোধিত নতুন তালিকা তৈরি আবেদন জানান। এ দিন তালিকাটির বিষয়ে প্রশাসনের অবস্থান জানতে চেয়ে সিপিএমের একটি প্রতিনিধি দল ফের ব্লক অফিসে যায়। দলের জেলা কমিটির সদস্য প্রদীপ চৌধুরি বলেন, ‘‘দরিদ্র কৃষকদের টাকা তৃণমূল নেতাদের পকেটে যাওয়ার বন্দোবস্ত হয়েছে। ব্লক এলাকার ১০টি অঞ্চলের যোগ্য চাষিরাই যাতে প্রকল্পের সুবিধা পান, তাই তালিকাটি বাতিলের আবেদন জানিয়েছি।’’

Advertisement

এ দিকে, তালিকা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে শাসক দলের তৃণমূল স্তরেও। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক তৃণমূল কর্মীর অভিযোগ, ‘‘সাধারণ কর্মীদের কথা নেতারা ভাবেন না। সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা আমাদের জানানোও হয় না।’’ তালিকাটিতে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন তৃণমূল কর্মীদের একাংশ। এ দিন বিডিও বলেন, ‘‘সিপিএমের প্রতিনিধি দলের বক্তব্য শুনেছি। প্রকৃত চাষিরাই প্রকল্পের সুবিধা পাবেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement