সাত্তোর-কাণ্ড

নির্যাতিতার ভাসুরপোর কারাদণ্ড

মাত্র দু’মাসে বেআইনি অস্ত্র উদ্ধারের মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজা হল সাত্তোরের নির্যাতিতার ভাসুরপো মিঠুন শেখের। শুক্রবার সিউড়ির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ইন্দ্রনীল চট্টোপাধ্যায় ওই সাজা দেন বলে জানিয়েছেন মামলার সরকারি আইনজীবী কুন্তল চট্টোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ০১:৩২
Share:

মাত্র দু’মাসে বেআইনি অস্ত্র উদ্ধারের মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজা হল সাত্তোরের নির্যাতিতার ভাসুরপো মিঠুন শেখের। শুক্রবার সিউড়ির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ইন্দ্রনীল চট্টোপাধ্যায় ওই সাজা দেন বলে জানিয়েছেন মামলার সরকারি আইনজীবী কুন্তল চট্টোপাধ্যায়।

Advertisement

প্রসঙ্গত, এই যুবকের খোঁজে এসেই তাঁর ককিমার (নির্যাতিতা) বাপের বাড়িতে গিয়ে অত্যাচার চালানোর অভিযোগ উঠেছিল পুলিশ ও তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে। সেই মামলা এখনও চলছে। ঘটনার কিছু দিন পরেই পুলিশ গ্রেফতার করে মিঠুনকে। জামিনও পায়। কিন্তু, গত জুলাইয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে বোমা রাখার অভিযোগে পথ অবরোধে নামেন নির্যাতিতা-সহ বিজেপি কর্মীরা। তার ঠিক আগের দিনই মিঠুনকে ফের ধরে পুলিশ। সাত্তোরের রাস্তায় প্রথম পথ অবরোধ হয়েছিল ধৃত মিঠুনকে ছেড়ে দেওয়ার দাবিতে। কিন্তু, পুলিশ ওই যুবককে আদালতে হাজির করানোর সময় দাবি করে, ধৃতের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। সেই মামলারই রায় হল শুক্রবার। যদিও মিথ্যা মামলা সাজিয়েছে পুলিশ বলে এ দিনও দাবি করেন নির্যাতিতা এবং তাঁর স্বামী। একই কথা বলছেন অভিযুক্তের আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায়ও।

তবে, সরকারি আইনজীবীর দাবি, সাক্ষ্য প্রামণ খতিয়ে দেখে অভিযুক্তকে দোষী সাব্যস্থ করেছেন বিচারক। তিন বছরের সশ্রম কারদণ্ডের পাশাপাশি মিঠুনের ৫ হাজার টাকার জরিমানা হয়েছে। সোমনাথবাবু এবং অভিযুক্তের পরিবার, উভয়েই জানিয়েছেন, তাঁরা এই রায়ে খুশি নন। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন।

Advertisement

বোলপুরে অনুষ্ঠান। শিক্ষক দিবসে ‘শিক্ষক সম্মাননা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ অনুষ্ঠানের আয়োজন করছে ‘পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি’। আজ, শনিবার বোলপুর পুরসভার উৎসর্গ মঞ্চে অনুষ্ঠানটি হবে। সংগঠনের সভাপতি প্রলয় নায়েক জানান, অসুস্থতার কারণে সাঁইথিয়া ব্লকের মাঝিগ্রাম হাইস্কুলের শিক্ষক অমিতাভ সরকারের এবং আমোদপুর জয়দুর্গা উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভজিৎ দাসকে সংগঠন আর্থিক সহায়তা দেবে। পাশাপাশি জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ২৬ জন শিক্ষকশিক্ষিকাকেও ‘সম্মাননা’ দেওয়া হবে। এ ছাড়াও জেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা (আলিম ও ফাজিল) ও হাইমাদ্রাসার প্রথম পাঁচ জন ছাত্রছাত্রীকে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা’ও দেওয়া হবে।

এ দিকে, তৃণমূল পরিচালিত বোলপুর পুরসভার পুর জনশিক্ষা কমিটির উদ্যোগে ওই দিনই সন্ধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন পালন করা হবে। কমিটির সভাপতি রুবি দাসরায় জানান, অনুষ্ঠানে এলাকার ভাষাশিক্ষা ও সঙ্গীতচর্চার প্রতিষ্ঠান ‘সপ্তরঙ্গ’ এবং ‘পোয়েসিস’ নামে এলাকার একটি নাটকের দলের যৌথ উদ্যোগে হতে গান ও নাটকের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনুষ্ঠানের প্রথম পর্যায়ে বাংলা আধুনিক গানে শিল্পী কুন্তল চক্রবর্তী এবং দ্বিতীয় পর্যায়ে পোয়েসিস-এর নাটক ‘বেড়া’ রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement