পৌষ মেলার ডায়েরি

কলকাতার লেক টাউনের বাসিন্দা মোনালিসা চৌধুরী পাঁচ বছরের শিশুকন্যাকে নিয়ে মেলায় এসেছেন। ঘুরতে ঘুরতে দামি ক্যামেরা হারিয়ে ভলান্টিয়ারদের অফিসে দৌড়লেন ঘোষণা করতে। ইতিমধ্যেই ওই ক্যামেরা পেয়ে ভলান্টিয়ারদের অফিসে জমা দেওয়ার জন্য যাচ্ছেন এক ভদ্রলোক। ওই দফতরে উভয়ের দেখা। দামি ক্যামেরা ফিরে পেয়ে কলকাতার বাসিন্দার প্রথম উক্তি, কলকাতার বই মেলায় ব্যাগ হারিয়েছি।

Advertisement
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৪ ০০:৪০
Share:

হারানো প্রাপ্তি

Advertisement

কলকাতার লেক টাউনের বাসিন্দা মোনালিসা চৌধুরী পাঁচ বছরের শিশুকন্যাকে নিয়ে মেলায় এসেছেন। ঘুরতে ঘুরতে দামি ক্যামেরা হারিয়ে ভলান্টিয়ারদের অফিসে দৌড়লেন ঘোষণা করতে। ইতিমধ্যেই ওই ক্যামেরা পেয়ে ভলান্টিয়ারদের অফিসে জমা দেওয়ার জন্য যাচ্ছেন এক ভদ্রলোক। ওই দফতরে উভয়ের দেখা। দামি ক্যামেরা ফিরে পেয়ে কলকাতার বাসিন্দার প্রথম উক্তি, কলকাতার বই মেলায় ব্যাগ হারিয়েছি। ফিরে পাইনি। কিন্তু পৌষ মেলায় ক্যামেরা হারিয়ে ফিরে পাব ভাবিনি!

Advertisement

মেলায় আগুন

আচমকা মেলার মাঠের ভিতর দিয়ে ঘণ্টা বাজিয়ে ছুটছে দমকলের ইঞ্জিন। তা দেখে ভিড় জমে গেল। কী হয়েছে, কি হয়েছে? সকলের প্রশ্ন। মেলায় দমকলের ইঞ্জিন রাখার জায়গা থেকে ফুট পঞ্চাশেক দূরে একটি কাপড়ের দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের খবর ছড়িয়েছিল মেলায়। অবশ্য কোনও ক্ষয়ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। জানা গেল, স্টলের ছাদে জমে থাকা শিশির থেকে শর্ট সার্কিট হয়ে আগুন ধরেছে। পাশেই ছিল দমকলের ইঞ্জিন। তাই অল্পে বাঁচল কাপড়ের ওই দোকানদারের স্টল। তার পর অবশ্য ইতিউতি করে তদন্তে নেমে পড়লেন মেলা উদ্যোক্তারা।

বাঁশি হাতে জওয়ান

ডি.ডি.এল.জে সিনেমার গান বাঁশির সুরে। বাতাসে ওই সুর ভেসে আসতেই আশপাশের লোকজন জড়ো হন ওই চত্বরে। ওই গান কোনও শিল্পী গাইছেন না। এক জওয়ান। তিনি পৌষমেলায় সপরিবারে ঘুরতে এসেছেন শেষ দিনে। বিক্রেতার কাছে বাঁশি পরখ করতে করতে আপন মনেই ওই সিনেমার টাইটেল সঙ গাইতে শুরু করেন। লোকজন জড়ো হতেই আবদার আসে এক এক গান করার। সেই সময়ে মেলার কেনা কাটা সেরে তাঁর গিন্নি হাজির। এত লোকের আবদারে বাঁশি বাজাচ্ছেন দেখে, মজা করে তিনি বলেন, “দ্রুত বাড়ি চলো। নেহি তো ফ্লাইট কো পাইলট ওয়ালো লে জায়েঙ্গে!”

রাঙা মাটির ধুলো

দু’পাক দিলেই চুল সাদা। বয়স বোঝা দায়। চেনা লোকও অচেনা। দু’বেলা মাঠ ভিজিয়েও ধুলো থেকে নিস্তার নেই বুঝি। কেউ অবশ্য বলবেন, এ ধুলো রাঙামাটির ধুলো। কেউ কেউ অবশ্য ভিড়ের মধ্যে এও বলছেন, কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে ধুলো মেটাতে শান বাঁধানো মাঠ চাই। প্রাক্তনীরা অবশ্য ধুলি ধুসর পৌষ মেলাকেই তাঁদের ফেলে আসা গ্রাম্য মেলার স্মৃতি হিসেবে দেখতে অভ্যস্ত।

ভলিবল

রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত মহকুমা আন্তঃক্লাব ভলিবল চ্যাম্পিয়নশিপের লিগ পর্যায়ের শেষ খেলায় শুক্রবার বারুণীঘাটা যুব সঙ্ঘ ২-০ সেটে খরুণ উদ্বোধনী মিলনীকে পরাজিত করে। আজ, শনিবার প্রতিযোগিতার দু’টি সেমিফাইনাল খেলা মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে হবে। প্রথম সেমিফাইনালে খেলবে আটলা বামক্ষ্যাপা সমিতি এবং নলহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশন, দ্বিতীয় খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে চাতরা কল্যাণ সমিতি ও সিমলান্দি সর্বশি জনকল্যাণ সমিতি। আগামী ৩১ ডিসেম্বর প্রতিযোগিতার ফাইনাল।

রামপুরহাটের হার

সিএবি আয়োজিত অনূর্ধ্ব ১৫ আন্তঃমহকুমা ক্রিকেট লিগ প্রতিযোগিতায় বোলপুর মহকুমার কাছে ১৫ রানে হারল রামপুরহাট মহকুমা। শুক্রবার রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে গাঁধী স্টেডিয়ামে বোলপুর প্রথমে ব্যাট করে ৩৩.৪ ওভারে ১৫৬ রান করে। জবাবে রামপুরহাট ৩৭.২ ওভারে ১৪২ রান করে। আজ, শনিবার রামপুরহাট ও হাওড়া মহকুমার খেলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement