মদ্যপ অবস্থায় বচসা চলছিল দুই ভাইয়ের মধ্যে। ছোট ভাই দাদার দিকে ব্যাটারির জল ছোড়ে বলে অভিযোগ। আর তাতেই রেগে গিয়ে ভাইকে পিটিয়ে মারার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহর সংলগ্ন শ্যামদাসপুর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত মনসা মাল (৩৮) শ্যামদাসপুরের বাসিন্দা। ঘটনায় জখম হয়ে মনসাবাবুর দাদাও বাঁকুড়া মেডিক্যালে ভর্তি। রাত পর্যন্ত ঘটনাটি নিয়ে থানায় নির্দিষ্ট করে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে অভিযুক্ত দাদার স্ত্রী ও এক ছেলেকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, মনসা পেশায় রিকশা চালক। এ দিন রাতে দাদার বাড়িতে এসে সে বচসায় জড়িয়ে পড়ে। দুই ভাইয়ের মধ্যে পারিবারিক ব্যাপার নিয়ে মনোমালিন্য ছিলই। তারই জেরে এ দিন বচসা হচ্ছিল। মনসার রিকশাতেই একটি বালতিতে ছিল ব্যাটারিতে ঢালার জল। বচসার মধ্যেই সে তার দাদার দিকে তা ছুড়ে মারে। তাতে জখম হন মনসার দাদাও। বাবাকে এ ভাবে আক্রান্ত হতে দেখে মনসার উপর ভাইপোরাও চড়াও হয় বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। ইঁট, লাঠি দিয়ে তাঁকে বেধড়ক পেটানো হলে ঘটনাস্থলেই জখম অবস্থায় পড়ে যান মনসা। তাঁর দাদাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায় পরিবারের লোক। পুলিশ মারপিটের খবর পেয়ে ঘটনাস্থলে এসে মনসাকে উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যালে পাঠালে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকা থমথমে বলে জানিয়েছেন বাঁকুড়া ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দিলীপ মাল।