ব্লক এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিল রঘুনাথপুর ১ ব্লক প্রশাসন। মঙ্গলবার ব্লক অফিসের সভাকক্ষে এই সংবর্ধনা সভা হয়েছে। উপস্থিত ছিলেন রঘুনাথপুরের মহকুমাশাসক সুরেন্দ্রকুমার মীনা ও বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। বিডিও সুনীতিকুমার গুছাইত জানান, এ দিন তাঁরা ব্লকের ১৭টি স্কুলের ২৬ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দিয়েছেন। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে মানপত্র, স্মারক ও শিক্ষাসামগ্রী। এ ছাড়াও ব্লকের মধ্যে মাধ্যমিকে সবচেয়ে বেশি নম্বর পাওয়া শাকা হাইস্কুলের ছাত্রী শিপ্রা পট্টনায়ক ও উচ্চ মাধ্যমিকে ব্লকে প্রথম স্থান পাওয়ায় জি ডি ল্যাং হাইস্কুলের ছাত্র কৃষ্ণেন্দু মাজিকে বিশেষ ভাবে পুরস্কৃত করা হয়েছে।