West Bengal Weather Update

সোমেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়, নিম্নচাপ অঞ্চলে ভারী বর্ষণ আরও তিন জেলায়

রাজ্যে এই মুহূর্তে বর্ষার বাতাস অত্যন্ত সক্রিয়। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং দু’টি অক্ষরেখা। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে দক্ষিণের বিস্তীর্ণ অংশে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১০:১৮
Share:

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। —ফাইল চিত্র।

সোমবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা এবং শহরতলিতে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের তিনটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা আর জারি করা হয়নি। বৃষ্টি কিছুটা কমবে সোমবারের পর থেকেই।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের জন্যেও রয়েছে। সোমবার ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে।

রাজ্যে এই মুহূর্তে বর্ষার বাতাস অত্যন্ত সক্রিয়। সেই সঙ্গে গাঙ্গেয় বঙ্গের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত এবং দু’টি অক্ষরেখা। এর প্রভাবেই বৃষ্টি হচ্ছে দক্ষিণের বিস্তীর্ণ অংশে। এ ছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার জেরে উত্তাল থাকতে পারে সমুদ্র। সমুদ্রে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সারা সপ্তাহ ধরেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে সব জেলায়। মৎস্যজীবীদের ৭ তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সাবধান করা হয়েছে।

Advertisement

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হতে পারে। রবিবার এবং সোমবার সেই পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। উত্তরের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে। তবে আর কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি কম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement