—প্রতীকী চিত্র।
শীত পেরিয়ে বসন্তের শুরু। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলে গিয়ে মঙ্গলবার ভোর থেকেই শুরু হল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত। কলকাতা, উত্তর ২৪ পরগনা, মেদিনীপুর, হুগলি-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হল বিক্ষিপ্ত বৃষ্টিপাত।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ বৃষ্টি শুরু হয়। কলকাতার বিভিন্ন জায়গায় মাঝারি বৃষ্টিপাত হয়। তবে বেশি ক্ষণ হয়নি। প্রথমে মাঝারি বৃষ্টিপাত হলেও, সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা ক্রমশ হালকা হয়ে থেমে যায়। বৃষ্টিপাতের সময়ে বজ্রপাত যেমন হচ্ছিল, তেমনই বইছিল ঝোড়ো হাওয়া। মহানগরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়। পরে তা বন্ধ হলেও জোরে হাওয়া বওয়া ছিল অব্যাহত। রাস্তায়
হুগলির ব্যান্ডেলের রাস্তায় পড়ে আছে ঝরে যাওয়া আমের মুকুল। —নিজস্ব চিত্র।
বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে হুগলি-সহ বিভিন্ন জেলায় ঝরে পড়েছে আমের মুকুল। উত্তর ২৪ পরগনার সন্দেশখালি-১ ব্লকের বেড়মজুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার কলাগাছি নদীর বাঁধে নেমেছে ধস। তলিয়ে গিয়েছে প্রায় ৫০ ফুট।
কলাগাছি নদীতে ভাঙন। —নিজস্ব চিত্র।
বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবেই রাজ্যে বৃষ্টিপাত। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দক্ষিণের অন্তত ন’টি জেলা। সোম ও মঙ্গলবারের জন্য আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও থাকছে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙের বেশ কিছু এলাকায় হতে পারে বৃষ্টিপাত।