West Bengal Weather Update

কলকাতায় বৃষ্টি কবে, কতটা? দক্ষিণবঙ্গের চার জেলায় সতর্কতা জারি, ভিজতে পারে উত্তরও

বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার প্রভাবেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণের পাশাপাশি ভিজতে পারে উত্তরও। তবে বড়সড় কোনও দুর্যোগের সম্ভাবনা নেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০২
Share:

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। —ফাইল চিত্র।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দক্ষিণের অন্তত ন’টি জেলা। তার মধ্যে চার জেলায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। তবে ভারী বৃষ্টি বা দুর্যোগের সম্ভাবনা আপাতত কোথাও নেই।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে হতে পারে বজ্রপাতও। মাঝেমাঝে ঝোড়ো হাওয়া বইবে শহরে। একই পূর্বাভাস রয়েছে, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায়। বাঁকুড়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সোমবারই। এ ছাড়া আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জন্য। এই জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। বাকি দিনগুলিতে আবহাওয়া থাকবে মূলত শুকনো।

শীত পেরিয়ে বসন্ত শুরু হয়েছে। ফলে বাড়তে শুরু করেছে তাপমাত্রাও। সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। এ ছাড়া, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপমাত্রা ১৭ ডিগ্রির নীচে নামেনি। কলকাতার উপকণ্ঠে সল্টলেকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াল।

Advertisement

বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার প্রভাবেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙের কিছু কিছু এলাকায় সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে এই জেলাগুলিতে আলাদা করে কোনও সতর্কতা জারি করা হয়নি। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সাত দিনে তাপমাত্রার তেমন হেরফেরের সম্ভাবনা নেই। গরম বাড়বে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement