আলুর দাম নিয়ন্ত্রণে উদ্যোগী রাজ্য সরকার। —ফাইল চিত্র।
ভোটের আগে আলু চাষিদের আর্থিক সুরক্ষা দিতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে আলুর সহায়ক মূল্য ঘোষণা করা হয়। বৈঠক শেষে পঞ্চায়েতমন্ত্রী তথা রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানান, আগামী মার্চ মাসের শুরু থেকেই রাজ্য সরকার কেজি প্রতি ৯ টাকা ৫০ পয়সা দরে আলু কিনবে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের আলু উৎপাদনকারী কৃষকদের যাতে কোনও ভাবেই লোকসান না হয়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। পাশাপাশি বাজারে অভাবী বিক্রি রোধ করতেও সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি মরসুমে আলুর ফলন ভাল হওয়ায় বাজারদর পড়ে যাওয়ার আশঙ্কা ছিল, ফলে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারতেন। সেই পরিস্থিতি সামাল দিতেই রাজ্যের এই হস্তক্ষেপ। এর আগেও পাঁচ বার সহায়ক মূল্যে আলু কিনেছে রাজ্য সরকার। ২০২০ সালে প্রায় ৩১ হাজার টন আলু কেনা হয়েছিল। এ বার সেই পরিমাণ অনেকটাই বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৭০ বস্তা আলু কেনা হবে। মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১২ লক্ষ টন।
রাজ্য প্রশাসনের মতে, এই উদ্যোগের ফলে এক দিকে যেমন কৃষকরা ন্যায্য দাম পাবেন, তেমনই বাজারে আলুর দামেও স্থিতাবস্থা বজায় থাকবে। বিধানসভা ভোটের মুখে এই ঘোষণাকে কৃষকদের স্বস্তির বড় বার্তা হিসেবেই দেখছেন রাজনৈতিক ও প্রশাসনিক মহল। অন্য দিকে, রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানান, গত দেড় মাসে রাজ্যের বন্ধ থাকা ১৯টি চা বাগান খোলা হয়েছে।