—প্রতীকী চিত্র।
কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয় পোর্টাল ১৮ তারিখ দুপুর থেকে চালু হওয়ার কথা ছিল। এখনও তা না-হওয়ায় আলাদা ভাবে সরব হল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এবং এসইউসি-র ছাত্র সংগঠন ডিএসও। সমস্যা সমাধানের দাবিতে শিক্ষা সচিবকে ই-মেলও করেছে এসএফআই। ১৮ তারিখ কৃতী পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বলেছিলেন, সে কথা স্মরণ করিয়ে দিয়ে এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে মঙ্গলবার বলেছেন, “একটা গোটা দিন পেরোনোর পরেও পোর্টাল কেন চালু হল না, তার জবাব দিতে হবে। গত বছর প্রায় এক মাস দেরিতে পোর্টাল চালু হওয়ায় অন্তত ৬ লক্ষ পড়ুয়া কলেজে ভর্তির বিষয়ে আগ্রহ হারিয়েছিলেন। এর পুনরাবৃত্তি রুখতে বাগাড়ম্বর ছাড়া ইতিবাচক পদক্ষেপ করুক সরকার।” পাশাপাশি, ডিএসও-র রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় বলেছেন, “ছাত্রছাত্রীরা উদ্বেগে রয়েছেন। রাজ্য সরকার এখনও কিছু বলেনি। গত কয়েক বছর ধরে কলেজে ভর্তি নিয়ে ছাত্র-ছাত্রীরা একই সমস্যার সম্মুখীন হচ্ছেন।” সুষ্ঠু ও স্বচ্ছ ভর্তি-প্রক্রিয়ার বিষয়ে সরকার যাতে নির্দিষ্ট পরিকল্পনা নেয়, সেই দাবি তুলেছে ডিএসও।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে