Suvendu Adhikari at Contai

শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে ভরসার কথা শুভেন্দুর মুখে

ব্রিগেডে শপথের অনুষ্ঠান সেরে শনিবার রাত প্রায় সওয়া ২টো নাগাদ যখন শুভেন্দু কাঁথির বাড়িতে ফেরেন, সেখানে ছিলেন বহু বিজেপি কর্মী ও অনুগামী।

কেশব মান্না

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৮:৫১
Share:

কাঁথির বাড়ি ‘শান্তিকুঞ্জে’র বাইরে জনতার মাঝে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

প্রচার-পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছিলেন, ‘ভয় যাবে, ভরসা আসবে’। মুখ্যমন্ত্রী হওয়ার পরে পূর্ব মেদিনীপুরের কাঁথির বাড়িতে এসে সেই ভরসার কথাই শোনালেন শুভেন্দু অধিকারী। শনিবার গভীর রাতে কাঁথিতে ফেরেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। রবিবার বিকেলে নিজের বাড়ি ‘শান্তিকুঞ্জ’ থেকে ফের কলকাতা রওনা হওয়ার আগে উপস্থিত জনতাকে বলেন, “মোদিজী ভরসা দিয়েছেন। ভয় আউট, ভরসা ইন। মানুষ এগিয়ে এসেছে। দায়িত্ব অনেক। এগিয়ে যেতে হবে।”

ব্রিগেডে শপথের অনুষ্ঠান সেরে শনিবার রাত প্রায় সওয়া ২টো নাগাদ যখন শুভেন্দু কাঁথির বাড়িতে ফেরেন, সেখানে ছিলেন বহু বিজেপি কর্মী ও অনুগামী। মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নামতেই ফুলের মালা পরিয়ে বরণ করা হয়। রবিবার সারাদিন তিনি বাড়িতেই ছিলেন। বিকেলে কলকাতা রওনা হন। তার আগে বাড়ির সামনে জড়ো হওয়া বিপুল সংখ্যক অনুগামী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের আবেগে ভেসেছেন নতুন মুখ্যমন্ত্রী।

এ দিন বিকেল ৫টা নাগাদ সাদা পাঞ্জাবি পরে শুভেন্দু ‘শান্তিকুঞ্জ’ থেকে বেরোন। বাড়ির সামনে মানুষের ভিড়ে বাধ্য হয়ে শান্তিকুঞ্জের উল্টো দিকে অধিকারী পরিবারের বাগানবাড়ির একটি গেট খুলে দিতে হয় রক্ষীদের। সেখানে মুখ্যমন্ত্রীর গলায় কেউ রজনীগন্ধার মালা, কেউ পদ্মের মালা পরান। অনেকে হাতে মিষ্টির প্যাকেট দেন। এক জন শুভেন্দুকে বাঘের সঙ্গে তুলনা করে প্রতীক হিসেবে নিয়ে এসেছিলেন সোনালি রঙের রয়্যাল বেঙ্গল টাইগারের আকৃতির বেলুন।

শুভেন্দুর কাঁথির বাড়ির নিরাপত্তা ইতিমধ্যে বেড়েছে। নিরাপত্তার কড়াকড়িতে প্রতিবেশী বা সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে অধিকারী পরিবার পুলিশকে অনুরোধ করেছে। রবিবার বিকেলে শুভেন্দু যখন কলকাতা রওনা হচ্ছেন, তখন বাড়ির ছাদে দাঁড়িয়ে জনতার দিকে হাত নেড়ে অভিনন্দন জানাচ্ছিলেন তাঁর বাবা, বর্ষীয়ান রাজনীতিবিদ শিশির অধিকারী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন