প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় । নিজস্ব চিত্র।
ওড়িশার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ বাংলা ধারাবাহিকের শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের দায়ের করা মামলার ভিত্তিতে এ বার ধারাবাহিকের প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় এবং প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায়-সহ অভিযুক্ত পাঁচ জনকে নোটিস দিয়ে ডেকে পাঠিয়েছে ওড়িশার তালসারি মেরিন থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ওই প্রযোজনা সংস্থার পাঁচ জনকে তদন্তে সহযোগিতা করার জন্য নোটিস পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। লীনা গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ সূত্রে খবর, তাঁরা এখনও সমন পাননি।
তালসারি মেরিন পুলিশ সূত্রের খবর, ভারতীয় ন্যায় সংহিতা মেনে পাঁচ জনকে নোটিস পাঠানো হয়েছে। তাঁদের অতি দ্রুত থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়, কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায়, সহ পরিচালক শুভাশিস মণ্ডল, কার্যকরী প্রযোজক শান্তনু নন্দী এবং ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে কয়েকদিন আগে লিখিত অভিযোগ জানিয়েছেন অভিনেতা রাহুলের স্ত্রী প্রিয়ঙ্কা। তার ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ (১), ২৪০ ও ৩ (৫) ধারায় মামলা শুরু করে ওড়িশা পুলিশ। এ বিষয়ে বালাসোরের অতিরিক্ত পুলিশ সুপার দেবজ্যোতি দাস বলেন, ‘‘তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই মামলা তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার সবটাই করা হচ্ছে।’’ ইতিমধ্যে দিঘা মোহনা থানার পুলিশের কাছেও এই মামলার তদন্তে সহযোগিতা চাওয়া হয়েছে বলে জেলা পুলিশ সূত্রের খবর। মূলত, দুর্ঘটনার দিন শুটিংয়ের যে দৃশ্য ড্রোন ক্যামেরায় বন্দি ছিল তা দিঘা মোহনা থানার পুলিশের কাছে রয়েছে। তদন্তকে এগিয়ে নিয়ে যেতে ক্যামেরাবন্দি সেই দৃশ্য এ রাজ্যের পুলিশের কাছে চাওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে