মেখলিগঞ্জ সীমান্তের শূন্য রেখায় আটকে সন্দেহভাজন বাংলাদেশিরা। তাদের ঘিরে ভিড়। — নিজস্ব চিত্র।
অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ নিয়ে উত্তেজনা ছড়াল বাংলাদেশ সংলগ্ন কোচবিহারের মেখলিগঞ্জ, শীতলখুচি ও সিতাই সীমান্তে। শুক্রবার দিনভর বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মধ্যে তা নিয়েচাপানউতোর চলে।
অভিযোগ, এ দিন সকালে দেখা যায়, মেখলিগঞ্জের পানিশালা সীমান্তের শূন্য রেখায় (জ়িরো পয়েন্ট) জনা দশেক লোক বসে রয়েছেন। শীতলখুচির সাঙ্গারবাড়ি সীমান্তের শূন্য রেখাতেও ১০-১২ জনের একটি দলকে বসে থাকতে দেখা যায়। বিএসএফ সূত্রে দাবি, সন্দেহভাজন ওই বাংলাদেশিরা জোর করে ভারতে প্রবেশের চেষ্টা করলে তা আটকে দেওয়া হয়। বিজিবি তাঁদের ফেরত নিতে না চাইলে, উত্তেজনা তৈরি হয়। বিএসএফের এক আধিকারিক বলেছেন, ‘‘অনুপ্রবেশ রুখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।’’ কোচবিহার পুলিশও জানায়, বিষয়টি বিএসএফ দেখছে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এ দিন মেখলিগঞ্জ ব্লকের পানিশালা সংলগ্ন মহানদী সীমান্ত চৌকি এলাকায় শূন্য রেখায় প্রায় ১০ জন বাংলাদেশি নাগরিককে বসে থাকতে দেখা যায়। তাঁদের মধ্যে পাঁচ জন মহিলা, তিন জন শিশু এবং দু’জন পুরুষ রয়েছেন। অভিযোগ, বাংলাদেশের ওই বাসিন্দাদের ভারতে পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। কয়েক জন ভারতীয় কৃষক তাঁদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিষয়টি বিএসএফ জওয়ানদের জানান। খবর পেয়ে বিএসএফের ৯৮ নম্বর ব্যাটালিয়নের কর্তারা পৌঁছন। বিএসএফের তৎপরতায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয় বলে দাবি। স্থানীয় বাসিন্দা দিলীপ বর্মণ বলেন, “ওই ব্যক্তিদের কাছে বাংলাদেশের পরিচয়পত্র-সহ প্রয়োজনীয় নথি রয়েছে। তা সত্ত্বেও কেন তাঁদের ফিরিয়ে নেওয়া হচ্ছে না, তা জানি না।” এ দিকে খবর পেয়ে সীমান্তে যান মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়। তিনি বলেন, “বিএসএফ অনুপ্রবেশকারীদের প্রতিহতকরেছে। তারা পরিস্থিতির উপরেনজর রাখছে।”
শীতলখুচি ব্লকের খলিশামারি গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্তেও বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে এ দিন। অভিযোগ, শীতলখুচির সাঙ্গারবাড়ি সীমান্তের শূন্য রেখাতেও ১০-১২ জনের মতো মানুষ বসে রয়েছেন। স্থানীয় বাসিন্দা তপন বর্মণের কথায়, ‘‘এ দিন হঠাৎ ১০-১২ জন সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশ থেকে ভারতে ঢোকানোর চেষ্টা হয়। সেই সময়ে বিএসএফ তাঁদের সীমান্তে আটকে দেয়।’’
অভিযোগ, সেই সময়ে বিজিবি-র পক্ষ থেকে ওই অনুপ্রবেশকারীদের ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য মাইক যোগে প্রচার করা হয়। বিএসএফ সাফ জানিয়ে দেয়, তা সম্ভব না। এ দিন, দিনহাটার সিতাই ব্লকের চামটা সীমান্তের শূন্য রেখাতেও জনা পাঁচেক মানুষ বসেছিলেন। সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে