রবিবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলায়। — ফাইল চিত্র।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হচ্ছে। আগামী এক দিন দক্ষিণের সব জেলায় এই ঝড়বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার পরেও চলবে বেশ কয়েকটি জেলায়। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ছুটে আসছে। সে কারণে গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঝড়বৃষ্টির উপযোগী পরিস্থিতি তৈরি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রোহতক, রেওয়া, রাঁচী, ক্যানিংয়ের উপরে রয়েছে মরসুমি অক্ষরেখা। উত্তর-পূর্ব উত্তরপ্রদেশের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তার প্রভাবেই সাগর থেকে ছুটে আসছে জলীয়বাষ্প। রাজ্যে তৈরি হয়েছে বৃষ্টির উপযোগী পরিবেশ। আগামী সাত দিন উত্তরবঙ্গে চলবে বৃষ্টি। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণ। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় চলবে ঝড়বৃষ্টি। তার পরেও কয়েক দিন বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কয়েক জেলায়।
রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টা ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা রয়েছে। কলকাতা-সহ রাজ্যের বাকি জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সোম এবং মঙ্গলবারও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েক জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে।
রবিবার ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার)। ওই দিন দার্জিলিং, কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরের বাকি জেলাতেও হতে পারে ঝড়বৃষ্টি। আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড় এবং সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।