Kalbaishakhi in West Bengal

রবিবারও কালবৈশাখী রাজ্য জুড়ে! কলকাতায় ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস, চলবে কত দিন

আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার হেরফের হবে না। তার পরের দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ১৯:০৭
Share:

কলকাতা-সহ রাজ্যের সব জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। — ফাইল চিত্র।

অক্ষরেখা আর ঘূর্ণাবর্তের জোড়া ফলায় কালবৈশাখী রাজ্য জুড়ে চলবে রবিবারও। দক্ষিণবঙ্গে পরের সপ্তাহ থেকে কমবে ঝড়বৃষ্টি। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে বাড়বে গরম। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে চলবে ঝড়বৃষ্টি।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, হিমালয় পার্বত্য অঞ্চল সংলগ্ন উত্তরবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। অন্য দিকে, পূর্ব রাজস্থান থেকে পূর্ব ঝাড়খণ্ড পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার জেরে ঝড়বৃষ্টির উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে রাজ্যে।

রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে। হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। ওই জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ের পূর্বাভাস রয়েছে। সেখানে হলুদ সতর্কতা রয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে কমবে ঝড়বৃষ্টি। বিক্ষিপ্ত ভাবে কয়েক জেলায় চললেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

Advertisement

আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার হেরফের হবে না। তার পরের দু’দিন সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উত্তরবঙ্গে আপাতত সাত দিন তাপমাত্রার হেরফের হচ্ছে না।

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার ঝড়বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই রয়েছে ঝড়বৃষ্টির সতর্কতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement