আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। — ফাইল চিত্র।
উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে মাঝে কয়েক দিন বিরতি নিয়েছিল বৃষ্টি। সেই ফাঁক গলে মাথাচাড়া দিয়েছিল হাঁসফাঁস গরম। অস্বস্তি বেড়েছিল সব জেলায়। রবিবার থেকে আবার দক্ষিণবঙ্গের সব জেলায় শুরু হল বিক্ষিপ্ত বৃষ্টি। চলবে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গে শুক্রবারও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। ঝড়বৃষ্টির কারণে গোটা রাজ্যে তাপমাত্রা নামবে অনেকটাই।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। তার টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। সেই কারণে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির উপযুক্ত পরিস্থিতি তৈরি হয়েছে। তার জেরে রাজ্যে আগামী চার দিন সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তার পরের দু’দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বাকি জেলায় ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। সব জেলাতেই রয়েছে হলুদ সতর্কতা। সোমবারও দক্ষিণের সব জেলায় রয়েছে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে কমলা সতর্কতা রয়েছে। সেখানে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। বাকি জেলাতেও রয়েছে হলুদ সতর্কতা।
বুধবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় কমলা সতর্কতা রয়েছে। সেখানে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। বাকি জেলাতেও হলুদ সতর্কতা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। তার পরে কমবে বৃষ্টি। মঙ্গল এবং বুধবার মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা সংলগ্ন উপকূলে যেতে বারণ করা হয়েছে। সেখানে দমকা ঝড়ের গতি হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার।
রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে শিলাবৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। সেখানে বজ্রপাতের পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আবার শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দিন উত্তরবঙ্গের আট জেলাতেই বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় হতে পারে। বৃহস্পতিবার ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পঙে। সেখানে কমলা সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পঙে শিলাবৃষ্টি হতে পারে। আগামী শুক্রবারও ঝড়বৃষ্টি হতে পারে উত্তরের আট জেলাতেই। তার পরে ধীরে ধীরে কমবে বৃষ্টি।