West Bengal Weather Update

ঘূর্ণাবর্ত আর অক্ষরেখার জোড়া ফলায় ভারী বর্ষণের পূর্বাভাস পাঁচ জেলায়, কলকাতায় ৬০ কিমি বেগে ঝড়! চলবে কত দিন

সমুদ্রে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। তাই বুধবার মৎস্যজীবীদের সাগরে যেতে বারণ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৯:৪৬
Share:

কলকাতা-সহ গোটা রাজ্যা রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। — ফাইল চিত্র।

বিকেল হতেই আকাশে মেঘ করে কালবৈশাখী শুরু। রবিবার থেকে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলায় চলছে সেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি। অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে এই ঝড়বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। উত্তর এবং দক্ষিণবঙ্গের কয়েক জেলায় বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আপাতত তিন দিন সর্বোচ্চ তাপমাত্রার হেরফের হচ্ছে না। বৃষ্টি কমলে আবার বাড়বে তাপমাত্রা। পরের চার দিন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা এবং আশপাশের অঞ্চলে রয়েছে ঘূর্ণাবর্ত। অন্য দিকে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে মান্নার উপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে প্রচুর জলীয় বাষ্প। তার জেরেই রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত রাজ্যে চলবে ঝড়বৃষ্টি।

বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। ওই জেলাগুলিতে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিতে হতে পারে ঝড়। কলকাতা-সহ দক্ষিণ বঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। জেলগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে কমবে ঝড়বৃষ্টি। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্রে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে। তাই বুধবার মৎস্যজীবীদের সাগরে যেতে বারণ করা হয়েছে।

Advertisement

উত্তরবঙ্গের আট জেলাতেও বুধবার ঝড়বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলায় ঝড়বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলাতেও রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি কমতে পারে। তবে পাহাড়ি জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে চলতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement