খাটের তলা থেকে বার করে আনা হচ্ছে অভিযুক্ত তৃণমূল নেতাকে। কোচবিহারের মাথাভাঙায়। —নিজস্ব চিত্র।
কাটমানি ফেরত দেওয়ার দাবিতে বাড়ির বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয়দের একাংশ। আতঙ্কে খাটের তলায় লুকোলেন তৃণমূল নেতা। এমনটাই ঘটেছে কোচবিহার জেলার মাথাভাঙার জোরপাটকি গ্রামে। কাটমানি নেওয়ায় অভিযুক্ত নেতার নাম সাইদুল মিঞা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় সিভিক ভলান্টিয়ার সাইদুল এলাকায় তৃণমূল নেতা হিসাবেই পরিচিত। তাঁর বিরুদ্ধে গ্রামীণ আবাস-সহ একাধিক প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর স্থানীয়দের রোষ গিয়ে পড়ে সাইদুরের উপর। তাঁর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ।
বাইরে বিক্ষোভ শুরু হতেই বাড়ির ভিতরে খাটের তলায় লুকিয়ে পড়েন অভিযুক্ত তৃণমূল নেতা। পরে মাথাভাঙা থানার পুলিশ তাঁকে খাটের নীচ থেকে বার করে আটক করে। প্রথমে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েও সাইদুলকে খুঁজে পায়নি পুলিশ। পরে খাটের নীচে টর্চের আলো ফেলতেই দেখা যায়, খাটের তলায় কুঁকড়ে শুয়ে রয়েছেন তিনি। খাটের তলা থেকে সাইদুলকে বার করে আনতেও হিমশিম খেতে হয় পুলিশকে।