Debasish Kumar

ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের, রাসবিহারীর বিধায়ক তথা তৃণমূল প্রার্থীকে জমি দখল মামলায় তলব করা হয়েছিল

ইডি সূত্রে খবর, জমি দখলের একটি মামলার তদন্তে রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা এ বার ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী দেবাশিসকে তলব করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৩:৪৮
Share:

দেবাশিস কুমার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কলকাতার ইডি দফতরে হাজিরা দিলেন দেবাশিস কুমার। সোমবার দুপুরে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দেন তিনি। ইডি সূত্রে খবর, জমি দখলের একটি মামলার তদন্তে রাসবিহারী কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা এ বার ওই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী দেবাশিসকে তলব করা হয়েছিল। সন্ধ্যা ৭টা নাগাদ ইডি দফতর থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘একটি মামলায় ডেকেছিল, এসেছি। ডাকলে আবার আসব। তবে এই তলবে আমার এলাকার নির্বাচনে প্রভাব পড়বে না।’’

Advertisement

শনিবার জমি দখল মামলার সূত্রেই কলকাতা এবং আশপাশের কিছু জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি। ওই দিন শহরের একটি সংস্থার দফতর এবং তার সঙ্গে যুক্ত আধিকারিকদের বাড়িতে তল্লাশি চলে। তদন্তকারী সংস্থার সূত্রে জানা যায়, জমি দখলের একটি মামলাকে কেন্দ্র করেই ওই তল্লাশি অভিযান।

ইডি সূত্রে জানা যায়, বেআইনি ভাবে অনেক জমি দখল করার অভিযোগ উঠেছে ওই সংস্থার বিরুদ্ধে। নির্দিষ্ট কিছু প্রকল্পের নাম করে সাধারণ মানুষকে ঠকানো হয়েছে, তাঁদের জমি নিয়ে নেওয়া হয়েছে। কলকাতা-সহ বিভিন্ন জায়গায় সংস্থার বিরুদ্ধে এই সংক্রান্ত ১৬ থেকে ১৭টি এফআইআর দায়ের হয়েছিল। তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়। সংস্থার নথিপত্র, জমির দলিল এবং আর্থিক লেনদেনের হিসাব খতিয়ে দেখেন ইডির আধিকারিকেরা।

Advertisement

ওই সূত্রের দাবি, ওই মামলার তদন্তের সূত্রেই সোমবার দেবাশিসকে তলব করা হয়েছিল। সেই মতো তিনি দুপুরে সিজিও কমপ্লেক্সে যান। বিধানসভা ভোটের আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। দুপুরে সিজিও চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেবাশিস বলেন, “আমি কিছু জানি না। আমার বলার মতো কিচ্ছু নেই।” দুপুরে কিছু সময়ের জন্য সিজিও চত্বর থেকে বেরিয়েছিলেন দেবাশিস। পরে আবার ইডি দফতরের ভিতরে ঢোকেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement