জাভেদ খান। — ফাইল চিত্র।
আলিপুর কোর্টে বৃহস্পতিবার আত্মসমর্পণ করলেন তৃণমূল বিধায়ক জাভেদ খান। বিধানসভা ভোটের ফলঘোষণার দিন তিলজলায় অশান্তির ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। জাভেদ-সহ ১০ জনের নাম ছিল এফআইআরে। সূত্রের খবর, সেই ঘটনাতেই আদালতে আত্মসমর্পণ করেন তিনি।
সূত্রের খবর, ৪ মে ভোটের ফলঘোষণার পরে তিলজলায় অশান্তি ছড়ায়। ওই এলাকা জাভেদের বিধানসভা কেন্দ্র কসবার অধীনে। ওই ঘটনায় বিধায়ক জাভেদ-সহ ১০ জনের বিরুদ্ধে এফআইআর হয়েছিল। বাকি ন’জন আদালতে আত্মসমর্পণ করেছিলেন। তাঁরা এখন জামিনে রয়েছেন। বৃহস্পতিবার জাভেদও এসিজেএম আদালতে হাজিরা দেন। ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি।
অস্ত্র আইন সংক্রান্ত মামলায় বুধবার আদালতে আত্মসমর্পণ করেন কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়। তাঁর এবং পুত্র নির্বাণ রায়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছিল। সেই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান মালা। দেড় হাজার টাকার বন্ডে আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে। অভিযোগ ছিল, বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন সন্ধ্যায় বিজেপি কর্মীদের অস্ত্র উঁচিয়ে ভয় দেখান মালা। বিজেপি কর্মীদের ভয় দেখানোর অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন তিনি। তাঁর পাল্টা দাবি, মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে।