News Of The Day

এসআইআর-তালিকা পরবর্তী পরিস্থিতি। পশ্চিম এশিয়ার অবস্থা কেমন। ইডেনে নামবেন সূর্যেরা। আর কী কী নজরে

শনিবার পশ্চিমবঙ্গের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে আপাতত বাদ গেল ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ০৮:০১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

শনিবার পশ্চিমবঙ্গের প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে আপাতত বাদ গেল ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাদের হিসাব দাঁড়াল ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে। প্রথম দফার চূড়ান্ত তালিকা প্রকাশের পরবর্তী পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।

শনিবার ইরানে এক সঙ্গে হামলা চালায় ইজ়রায়েল এবং আমেরিকা। তার পর থেকেই নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম এশিয়ার পরিস্থিতি। প্রত্যাঘাত করে ইরানও। ইজ়রায়েলের দিকে ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে দেয় তারা। পশ্চিম এশিয়ার যে সব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেখানেও হামলা চালাতে শুরু করে তেহরান। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ ইডেনে ভারতের ‘কোয়ার্টার ফাইনাল’। সুপার এইট পর্বের শেষ ম্যাচে সূর্যকুমার যাদবের দল মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ়ের। এই ম্যাচে যারা জিতবে, তারাই সেমিফাইনালে যাবে। ফলে এই ম্যাচ কার্যত কোয়ার্টার ফাইনাল। ইডেনের উইকেটে প্রচুর রান হবে বলেছেন পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়। এতে কি ভারতের চিন্তা বাড়বে? কারণ, গত তিন ম্যাচে ভারতীয় বোলারেরা একেবারেই ভাল বল করতে পারেননি। প্রায় সকলেই মার খেয়েছেন। ব্যাটিং সহায়ক উইকেটে কি আরও সমস্যায় পড়বেন জসপ্রীত বুমরাহ-বরুণ চক্রবর্তীরা? ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিং যথেষ্ট শক্তিশালী। তবে বোলিং নিয়ে চিন্তা থাকছে ক্যারিবিয়ানদেরও। ভারত কি পারবে ইডেনে জিতে সেমিফাইনালে উঠতে? খেলা শুরু সন্ধ্যা ৭টায়। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

রাজ‍্য জুড়ে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ শুরু আজ। পর পর দু’দিনে সর্বভারতীয় পরিচিতির ন’জন ‘ওজনদার’ নেতা-মন্ত্রী পশ্চিমবঙ্গ সফরে আসছেন রাজ‍্যের ন’টি প্রান্ত থেকে ‘যাত্রা’র উদ্বোধন করতে। পশ্চিমবঙ্গ বিজেপির ইতিহাসে এমন কর্মসূচি বেনজির। রাজ্যে ‘অপশাসন’ সংক্রান্ত কোন কোন বিষয়ের প্রতিবাদে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে, তা বিজেপি নেতারা একাধিক বার বলেছিলেন। এই কর্মসূচির মাধ্যমে বিজেপি কী ভাবে তৃণমূলকে সরাতে ‘ইচ্ছুক’ রাজ‍্যবাসীর মনোবল বাড়াতে চায়, সে কথাও আগেই বলা হয়েছিল। আজ কোচবিহারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। দুপুর ২টোর সময় তিনি কোচবিহার বিমানবন্দরে হেলিকপ্টারে অবতরণ করবেন। এর পর কোচবিহার রাসমেলা ময়দানে পরিবর্তন যাত্রার শুভ সূচনা করবেন তিনি। উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ জেলা নেতৃত্ব।

রবিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের জন্মদিবস। এই দিনটিকে মাথায় রেখে এজেসি বোস রোডে বুদ্ধদেবের নামাঙ্কিত একটি সাংস্কৃতিক চর্চা কেন্দ্র নির্মাণের সূচনা অনুষ্ঠান হবে আজ। ‘পশ্চিমবঙ্গের পুনর্জাগরণ’ সংক্রান্ত একটি আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সেখানে বক্তা হিসাবে উপস্থিত থাকবেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা অবসরপ্রাপ্ত আমলা জহর সরকার। এই সংক্রান্ত খবরে নজর থাকবে আজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement