News Of The Day

উত্তর-দক্ষিণে মমতা-অভিষেক। কোন পথে মালদহ কাণ্ডের এনআইএ তদন্ত। গোটা রাজ্যে বাড়বে গরম। আর কী কী

উত্তরবঙ্গের একাধিক জেলায় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গে ব্যস্ত সূচি নিয়ে প্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০৮:০৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

আজ নির্বাচনী প্রচারে উত্তর ও দক্ষিণবঙ্গে একাধিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গের একাধিক জেলায় সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ কয়েকটি কেন্দ্রে তাঁর সভা ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। অন্য দিকে, দক্ষিণবঙ্গে ব্যস্ত সূচি নিয়ে প্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পুরুলিয়ার জয়পুর, বাঁকুড়ার বিষ্ণুপুর এবং হুগলির খানাকুলে পরপর জনসভা করবেন। দলীয় সংগঠন মজবুত করা এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোই এই প্রচারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় নাম বাদ পড়ার অভিযোগে মালদহে বুধবার রাতে যে অশান্তি হয়েছে, তা নিয়ে সুপ্রিম কোর্ট বৃহস্পতিহার অসন্তোষ প্রকাশ করেছে। আদালতের নির্দেশে নির্বাচন কমিশন ঘটনার তদন্তের ভার দিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে। শুক্রবারই সংস্থার আধিকারিকেরা রাজ্যে আসবেন। মালদহের ঘটনায় মোথাবাড়ির আইএসএফ প্রার্থী-সহ মোট ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁরা আপাতত ১০ দিনের পুলিশি হেফাজতে। এই সংক্রান্ত তদন্তের গতিপ্রকৃতির দিকে নজর থাকবে।

Advertisement

আইপিএলে আজ আবার নামছে চেন্নাই সুপার কিংস। এ বার এটিই প্রথম ঘরের মাঠে খেলা চেন্নাইয়ের। বিপক্ষে পঞ্জাব কিংস। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে উড়ে গিয়েছিল চেন্নাই। তাদের নেট রানরেট (-৪.১৭১) সবচেয়ে খারাপ। অন্য দিকে পঞ্জাব তাদের প্রথম ম্যাচে ৩ উইকেটে হারিয়েছে গুজরাত টাইটান্সকে। ধোনিহীন চেন্নাই কি শ্রেয়স আয়ারের দলকে হারিয়ে ঘুরে দাঁড়াতে পারবে? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে শনিবার পর্যন্ত। দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তরবঙ্গের চারজেলায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement

ইরান যুদ্ধ কোন পথে এগোচ্ছে, তা নিয়ে গত কয়েক দিন ধরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হলেও তাতে এখনও পর্যন্ত বিশেষ অগ্রগতি হয়নি। এরই মধ্যে বৃহস্পতিবার ট্রাম্প ফের যুদ্ধ পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। এ অবস্থায় ইরানের সামরিক বাহিনীকে সজাগ থাকার কথা বললেন সে দেশের সেনাপ্রধান। যে কোনও ধরনের হামলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। অন্যদিকে জাতির উদ্দেশে এক ভাষণে বৃহস্পতিবার ট্রাম্প দাবি করেছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের সামরিক শক্তির উপর বিধ্বংসী আঘাত হেনেছে। খুব শীঘ্রই যুদ্ধ শেষ হবে। ইরান আর দু’-তিন সপ্তাহের বেশি লড়াই চালিয়ে নিয়ে যেতে অক্ষম। এ অবস্থায় পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে‌ দিকে নজর থাকবে আজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement