News Of The Day

শিলিগুড়িতে জনসভা মোদীর। একাধিক কর্মসূচিতে মমতা-অভিষেক। জয়ে ফিরবে কি বাগান। আর কী কী নজরে

আজ শিলিগুড়িতে জনসভা করবেন বলে শনিবার রাতে উত্তরবঙ্গে থেকেও গিয়েছিলেন মোদী। তথাকথিত ‘চিকেনস নেক’-এর উপকণ্ঠে তরাইয়ের চা-বলয়কে বেছে নেওয়া হয় প্রধানমন্ত্রীর রাত্রিযাপনস্থল হিসাবে। আজ সকালে সেখান থেকেই সরাসরি শিলিগুড়ির সভাস্থলে প্রধানমন্ত্রী যাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ০৭:৫৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

Advertisement

এক দিনে তিনটি জনসভা, একটি রোড শো! শনিবার এই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি। পশ্চিমবঙ্গে আগে কখনও এক দিনে এতগুলি কর্মসূচিতে প্রধানমন্ত্রী অংশ নেননি। তাতেই শেষ নয়। আজ শিলিগুড়িতে জনসভা করবেন বলে শনিবার রাতে উত্তরবঙ্গে থেকেও গিয়েছিলেন মোদী। তথাকথিত ‘চিকেনস নেক’-এর উপকণ্ঠে তরাইয়ের চা-বলয়কে বেছে নেওয়া হয় প্রধানমন্ত্রীর রাত্রিযাপনস্থল হিসাবে। আজ সকালে সেখান থেকেই সরাসরি শিলিগুড়ির সভাস্থলে প্রধানমন্ত্রী যাবেন।

নির্বাচনী প্রচারে গতি আনতে এক দিনে একাধিক জনসভায় অংশ নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী মমতা তিনটি প্রচারসভা করবেন। তাঁর কর্মসূচির মধ্যে রয়েছে বাঁকুড়ার ছাতনা ও ওন্দায় দু’টি জনসভা। এ ছাড়া দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রেও একটি গুরুত্বপূর্ণ সভা করার কথা রয়েছে তাঁর। অন্য দিকে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক দু’টি জনসভায় অংশ নেবেন। তিনি পূর্ব মেদিনীপুর জেলার ময়না এবং পশ্চিম মেদিনীপুর জেলার কেশবপুরে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। ভোটের আগে এই সভাগুলিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement

আইএসএলে আজ রয়েছে মোহনবাগানের খেলা। যুবভারতীতে বিপক্ষে পঞ্জাব। মোহনবাগানের সাত ম্যাচে ১৪ পয়েন্ট। শেষ তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নষ্ট করেছে সবুজ-মেরুন। শেষ তিন ম্যাচে জিততে পারেনি দিমিত্রি পেত্রাতোসেরা। আজ কি জয়ে ফিরবে মোহনবাগান? খেলা শুরু সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও ফ্যানকোড অ্যাপে।

আইপিএলে আজও জোড়া ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও গুজরাত টাইটান্স। প্রথম ম্যাচে হারার পর দু’টি ম্যাচ জিতেছে লখনউ। এর মধ্যে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হারা ম্যাচে তাদের জিতিয়েছেন মুকুল চৌধুরি। আজ জয়ের হ্যাটট্রিক করার লক্ষ্যে নামবে তারা। অন্য দিকে শুভমন গিলের গুজরাত প্রথম ম্যাচে হারার পর শেষ দু’টি ম্যাচ জিতেছে। তার মধ্যে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১ রানে জয় রয়েছে। আজ কী হবে? খেলা শুরু বিকেল ৩:৩০ থেকে। দ্বিতীয় ম্যাচে লড়াই রোহিত শর্মা ও বিরাট কোহলির। মুম্বই ইন্ডিয়ান্স খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে। দুই দলেরই এটি চতুর্থ ম্যাচ। বেঙ্গালুরু দু’টি জিতেছে, একটি হেরেছে। মুম্বই একটি জিতেছে, দু’টি হেরেছে। এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

Advertisement

আমেরিকা এবং ইরানের মুখোমুখি বৈঠকের আয়োজন করেছে পাকিস্তান। শান্তি সমঝোতার পথ খুঁজতে শনিবার ইসলামাবাদে বৈঠকে বসেছে আমেরিকা এবং ইরানের প্রতিনিধিদল। তবে প্রাথমিক ভাবে হরমুজ় প্রণালীকে ঘিরে কিছু ‘অচলাবস্থা’ তৈরি হয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। এ অবস্থায় আলোচনা কোন পথে এগোয়, কোনও সমাধানসূত্র বেরিয়ে আসে কি না, সে দিকে নজর থাকবে আজ।

আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। গরম বাড়বে কলকাতাতেও। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা বাড়তে থাকবে। ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে। ১১ থেকে ১৩ এপ্রিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement